

জাহাঙ্গীর আকন্দ:গাজীপুর মহানগরের টঙ্গীতে নির্মাণাধীন একটি বহুতল ভবনের পাইলিং কাজের লোহার পাইপের আঘাতে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তিন নির্মাণশ্রমিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া মোক্তার বাড়ি রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আজিজুল মুন্সি ইকবাল (৭)। সে স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্র।
আজিজুলের বাবা ইয়াসিন মুন্সি রঙ মিস্ত্রীর কাজ করেন। মা আজিদা একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের বাড়ি শরিয়তপুর জেলার ডামুড্যা থানার মাস্টারহাট গ্রামে। তারা টঙ্গীর আউচপাড়া মোক্তার বাড়ি রোডের শামসুল আলমের বাড়িতে ভাড়া থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন আবাসিক ভবন সফিউদ্দিন টাওয়ারের পাইলিং কাজ শেষে বেল ১১টার দিকে নির্মাণশ্রমিকরা লোহার পাইপ পাশেই সড়কের ওপর রাখছিলেন। এ সময় একটি পাইপ ছিটকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু আজিজুলের মাথায় গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় তারা তিনজন নির্মাণশ্রমিককে আটক করে।
স্থানীয়রা জানান, রাস্তার পাশে দুর্ঘটনা প্রতিরোধক প্রয়োজনীয় ব্যবস্থা না রেখেই ঝুঁকিপূর্ণভাবে ভবন নির্মাণ কাজ করছিল হাই ভিশন নামের একটি ডেভলপার কোম্পানী।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে তিনজন নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে।






