

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মাদকবিরোধী আন্দোলনে ভূমিকা রেখে মাদকস্পটের নাম পাল্টে দেওয়ায় ওয়ার্ড কাউন্সিলরকে সংবর্ধনা দিল বস্তিবাসী। সন্ধ্যায় টঙ্গী বাজার সংলগ্ন হাজী নগর আবাসিক এলাকার (হাজী মাজার বস্তি) প্রধান সড়কের ত্রিমোড়ে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন সরকারকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, ইজতেমা ময়দানের দক্ষিণ-পূর্ব পাশে অবস্থিত হাজী মাজার বস্তির টঙ্গীর প্রধান ও পুরনো মাদকস্পটের কুখ্যাতি ছিল। এখানে একসময় বড় মাদক কারবারিদের আস্তানা ছিল।
এ বস্তির দুই প্রধান মাদক কারবারি র্যাবের ক্রসফায়ারে নিহত হলে চিহ্নিত মাদক কারবারিরা ভয়ে বস্তি ছেড়ে অন্যত্র চলে যায়। এতে স্থানীয় একটি প্রভাবশালী মহলের মাদকের আয়ের উৎস বন্ধ হয়ে যায়।
দীর্ঘদিন পর ওই প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মাদক কারবারিরা আবারো বস্তিতে আস্তানা গড়তে শুরু করলে বস্তিবাসীদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার। তিনি সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বস্তিবাসীকে মাদকের আগ্রাসন থেকে রক্ষায় নানা উদ্যোগ গ্রহণ করেন।
তিনি হাজী মাজার বস্তিকে মাদকমুক্ত ঘোষণা করতে বস্তিবাসীদের ঐক্যবদ্ধ করেন। চিহ্নিত মাদকস্পটের কুখ্যাতি মূছতে এ বস্তির নাম পরিবর্তন করে ‘হাজীনগর আবাসিক এলাকা’ নামকরণ করেন।
গত ২৫ মে গাজীপুর সিটি নির্বাচনে ৫৭ নম্বর ওয়ার্ডে তৃতীয় বারের মতো বিপুল ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হন গিয়াস উদ্দিন সরকার। মাদকের অভিশাপ থেকে বস্তিবাসীকে রক্ষায় তার নানা প্রসংসনীয় উদ্যোগের ফলে এবং আবারো বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় হাজী নগরবাসী গত সোমবার সন্ধ্যায় তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেন।
এ সংবর্ধনা অনুষ্ঠানে দলমত নির্বিশেষ বস্তির সকল নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মো. মমিন মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে হাজী নগর আবাসিক এলাকার বাসিন্দারা তাদের এলাকাকে মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চেয়ে বক্তব্য দেন এবং চিহ্নিত মাদকাসক্তদের পুনর্বাসনের দাবি জানান।
নগরের আবু তালেব বলেন, ‘আমাদের বর্তমান প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে চাই, ভবিষ্যত প্রজন্মকে মাদকমুক্ত পরিবেশে মানুষ করতে চাই, মাদকের অভিশাপ থেকে আমরা মুক্তি চাই। ওয়ার্ড কাউন্সিলর বস্তিকে মাদকমুক্ত করার যে উদ্যোগ নিয়েছেন তা বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই।’
অনুষ্ঠানে মাদক কারবারি ও তাদের গডফাদারদের বিরুদ্ধে বস্তিবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার বক্তৃতায় বলেন, সবাই সচেতন হলে বস্তিবাসীকে ব্যবহার করে মাদকের টাকায় কারোর কোটিপতি হওয়ার স্বপ্ন আর পূরণ হবে না।
তিনি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের ব্যাপারে বস্তিবাসীকে সচেতন থাকার অনুরোধ জানান।






