ঢাকা সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কে নতুন গতি আনবে: ইসহাক দার

0
162
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার ঢাকা সফরের বিষয়ে বলেছেন, আমি নিশ্চিত যে এ সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কে নতুন গতি যোগ করবে, আরও ঘন ঘন বিনিময় এবং সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে।
সোমবার (২৫ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
ইসহাক দার বলেন, বাংলাদেশের সরকার এবং জনগণের উষ্ণ আতিথেয়তা এবং ফলপ্রসূ সফরের জন্য আন্তরিক ধন্যবাদ। ঢাকায় পাকিস্তান হাইকমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকর্মীরা এবং আমার সঙ্গী প্রতিনিধিদলের প্রতি তাদের মূল্যবান সহায়তার জন্য কৃতজ্ঞ।
তিনি বলেন, বাংলাদেশে ৩৬ ঘণ্টার একটি অত্যন্ত ফলপ্রসূ সফর শেষ করেছি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বাণিজ্য ও শুল্ক কমিশনের চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশের ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান এবং পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনারসহ ঊর্ধ্বতন মন্ত্রিসভার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার দুই দিনের সফর শেষে রোববার (২৪ আগস্ট) গভীর রাতে ঢাকা থেকে বিদায় নেন। রোববার রাত ১২টার পর সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। তিনি ঢাকা থেকে সৌদি আরবে যান।
সৌদি আরবের জেদ্দায় সোমবার (২৫ আগস্ট) থেকে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। এ বৈঠকে যোগ দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার ঢাকা সফরের দ্বিতীয় দিন রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। পরে প্রতিনিধিদলের বৈঠকে নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন তিনি। বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন তিনি।
ইসহাক দারের ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।
রোববার ইসহাক দার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। এছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় গিয়ে তার শারীরিক খোঁজ খবর নেন।
ঢাকা সফরের প্রথম দিনে শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া পাকিস্তান হাউজে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একটি বিশেষ ফ্লাইটে শনিবার (২৩ আগস্ট) ঢাকায় পৌঁছান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here