
ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশে উদ্ভূত করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে সরকার। অথচ এই সংকটকালে গা ঢাকা দিয়েছেন নিজেকে ‘ছাত্রদের প্রতিনিধি’ দাবি করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর। অন্যান্য সময় তাকে বিভিন্ন ইস্যুতে রাজপথে দেখা গেলেও এখন আর্ত মানবতার সেবায় তার টিকিটিও দেখা যাচ্ছে না। বিশিষ্টজনদের অভিমত, ত্রাণ দেয়ার নাম করে নূর নিজের পকেট ভরতে ব্যতিব্যস্ত। এ কারণে নিরাপদ দূরত্বের গর্তে ঢুকে তিনি নিভৃতে চালিয়ে যাচ্ছেন নিজের বাণিজ্য। এ থেকেই অনুমেয়, ভিপি নূর কেমন প্রকৃতির মানুষ! আর কিইবা তার আসল পরিচয়!দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে, দেশে করোনাভাইরাস সংক্রমণের খবর শুনেই লাপাত্তা ডাকসু ভিপি নূর। কারণ জনসম্মুখে এলেই বিপদ। দাঁড়াতে হবে মানুষের পাশে, এতে হবে অর্থ খরচ। করতে হবে মিডিয়ার সামনে জবাবদিহিও। তাই এসব এড়িয়ে চলতে চতুরতার অংশ হিসেবে তিনি চলে গেছেন অন্তরালে। সেখান থেকেই করছেন ধান্দাবাজি। বিভিন্ন মহলে ত্রাণ দেয়ার কথা বলে তিনি হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। আর এ কাজে তাকে সাহায্য করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীরা। তবে সব জায়গায় ঠিক সুবিধা করতে পারছেন না নূর। যারই ধারবাহিকতায় পারেননি ঐক্যফ্রন্ট ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কাছে গিয়েও। তারা কড়া ভাষায় জানিয়ে দেন, এক পয়সাও দেয়া হবেনা। কারণ ইতোমধ্যেই তারা অবহিত, যেকোন মুহুর্তেই নূর টাকার বিনিময়ে গিরগিটির মত রং পাল্টান। তাই তাকে তাদের ভরসা করতে ভয় হয়।তবে এসব যেন গায়েই মাখছেন না নূর। বরং বেপরোয়া হয়ে চালাচ্ছেন নিজের কর্মকাণ্ড। বিভিন্ন মহলে ফোন করে ত্রাণের নামে করছেন চাঁদাবাজি। আর কেউ ত্রাণসামগ্রী বা অর্থ সহায়তা দিলে তার সিঁকেভাগ জনগণকে দিয়ে বাকীটা আত্মসাৎ করছেন নিজেই। তার এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) একাধিক নেতাকর্মী।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সব নেতাকর্মী এই প্রতিবেদককে জানান, তারা এতোদিন ভেবেছিলেন নূর দেশ ও দশের কথা ভাবেন। কিন্তু তাদের সেই ধারণা মিথ্যে প্রমাণিত হয়েছে দেশের এই দুর্যোগময় মুহুর্তে। ভিপি নূর বিভিন্ন জায়গা থেকে আসা অর্থ সহায়তা ও ত্রাণ সামগ্রী জনসাধারণকে না দিয়ে নিজেই লোপাট করছেন। এ বিষয়ে কেউ কিছু বলতে গেলে তিনি তাকে ভয়-ভীতি দেখাচ্ছেন, যাতে কেউ প্রতিবাদ না করে।
এ অভিযোগের বিষয়ে মতামত জানতে ভিপি নূরের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।






