
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : জাতীয় প্রেসক্লাবের সামনে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলায় মেঘনাসহ অন্যান্য নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত জনগণের উদ্যোগে ১৯ জুন শনিবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা নুরুর রহমান জাহাঙ্গীরের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তাগন বলেন, মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিন উলানিয়া, চাঁনপুর, রুকুন্দী সাদেকপুর, শ্রীপুর, চর গোপালপুর, জাঙ্গালিয়া, দরিরচর খাজুরিয়া ও ভাসানচর ইউনিয়নসমূহ এবং হিজলা উপজেলার বড়জালিয়া, হরিনাথপুর, ধূপখোলা, হিজলা গৌরবদী, ইউনিয়নসমূহ প্রধান নদী মেঘনা ও উপ নদী ছাড়াও তেতুলিয়া, গজারিয়া, কালাবদর ও লতা নদীদ্বারা ব্যাপক নদী-ভাঙ্গনে এলাকায় বসবাসকারীরা আজ রিক্ত নিঃস্ব ছিন্নমূল হয়ে পড়েছে। এছাড়াও বিগত ৩টি ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে স্থানীয় ঘর-বাড়ি, পশুপাখি, ফসলহানীসহ রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় উপসনালয় হাট-বাজার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। উল্লেখ্য আগামী ১/২টি বন্যায় হিজলা উপজেলা সদরের অবকাঠামোগুলো নদী ভাঙ্গনের কবলে পরতে পারে। জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, প্রতি বছর নদী ভাঙ্গনের কবলে পড়ে হাজার হাজার কৃষক ও সাধারণ মানুষ তাদের ভিটাবাড়ীসহ কৃষানী জমি হারিয়ে পথে বসে পড়েন। তাদের পাশে সরকারসহ বিত্তশালীদের দাড়ানো উচিত। আমরা নদী ভাঙ্গন কবলিত মানুষের পাশে যথাযথ না দাড়িয়ে ত্রাণের নামে তাদেরকে ভিক্ষা প্রদান করি, যা জাতির জন্য লজ্জা। এইঅবস্থান থেকে আমাদের সরে আসতে হবে। আমরা নিজেদেরকে উন্নত দেশ হিসেবে দাবি করছি। বিভিন্ন গরীব দেশকে আমরা এখন সাহায্যের হাত বাড়াচ্ছি। প্রায় ১০ লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয়, খাদ্য, বাসস্থান ও চিকিৎসা সেবার নিশ্চয়তা দিয়েছি। সেই দেশের নাগরিক কৃষানী ও নদী ভাঙ্গনে কবলিত অসহায় মানুষ যদি তার ন্যায্য হিস্যা না পায় তা আমাদের জন্য দুঃখনীয় ও লজ্জাস্কর।
অন্যান্য নেতৃবৃন্দ আরো বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ উক্ত এলাকার প্রতি সচেতন দৃষ্টি রাখলে এবং যথাযথ ভূমিকা পালন করলে নদী ভাঙ্গনরোধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করলে আজকে মানুষের জান-মাল নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে হতো না। নদী ভাঙ্গন এলাকার জনগণের পক্ষ থেকে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশ থেকে দাবি জানানো হয় অবিলম্বে নদী-ভাঙ্গনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহন এবং জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্থ জনগণের পুনর্বাসনে সর্বাত্মক উদ্যোগ গ্রহন করা হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীন শিক্ষক অধ্যাপক ড. শফিউর রহমান, সাবেক সচিব গোলাম মোস্তফা তালুকদার, পরিবেশবাদী সংগঠন বাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক মিহীর বিশ্বাস, সিএলএনবি’র চেয়ারম্যান হারুনূূর রশিদ, ছাত্রনেতা সুমনসহ মেহেন্দীগঞ্জ ও হিজলা এলাকার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ কৃষক পরিবার।






