
ডেইলি গাজীপুর প্রতিবেদক: নারী নির্যাতন-যৌন হয়রানি, ধর্ষণের প্রতিবাদে এবং নারীর সুরক্ষা ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত শনিবার বিকাল ৪টায় টঙ্গী কালচারাল সোসাইটি, বাংলাদেশ মহিলা পরিষদ-টঙ্গী শাখা ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী-টঙ্গী শাখা মানববন্ধন করে। টঙ্গী প্রেসক্লাবের সামনে টঙ্গী কালচারাল সোসাইটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ বি এম সাইদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গীর সভাপতি নিজাম উদ্দিন, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আনোয়ারা বেগম, উদীচী শিল্পী গোষ্ঠী টঙ্গী শাখার সভাপতি বাবু মাধব আচার্য্য, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শাহজাহান শোভন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, মহিলা নেত্রী মেহেরুন নেছা সিমা,খুশবু প্রমুখ।
বক্তারা বলেন, বিচারহীনতার কারণেই দেশে বাড়ছে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা। ধর্ষণকারী বা নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা গেলে অন্য কেউ এ ধরনের অপরাধ করতে সাহস পেত না। বক্তারা সিলেটে নববধূ ধর্ষণ, নোয়াখালির বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সব ধর্ষণকারী ও নির্যাতনকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরো বলেন, অতি সম্প্রতি দেশে নারী ও শিশু নির্যাতন আশংকাজনক হারে বেড়ে গেছে। আইনের চোখ ফাঁকি দিয়ে অভিযুক্তরা পার পেয়ে যাচ্ছে। এ কারণে নারী ও শিশু নির্যাতনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করা দরকার।






