
ডেইলি গাজীপুর ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাসদুয়েক আগে বিশ্বকাপের দল ঘোষনা করেছে নিউজিল্যান্ড, একইসাথে বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষনা করেছে ব্ল্যাকক্যাপসরা। বাংলাদেশ সফরের দলে নেই বিশ্বকাপ দলে থাকা একজনও। নিউজিল্যান্ডের ঘরের বাইরে টানা চার মাসের সফরে বায়োবাবল ক্লান্তির কথা মাথায় রেখেই মূলত সে দেশের ক্রিকেট বোর্ড এমন ভিন্ন ভিন্ন স্কোয়াড ঘোষনা করেছে।
অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের পাঁচ ম্যাচের সিরিজ শেষ হওয়ার দিনই বাংলাদেশ সফরের জন্য দল ঘোষনা করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের মানুষের কাছে বেশিরভাগ অচেনা খেলোয়াড় নিয়েই নিউজিল্যান্ড দিয়েছে তাদের স্কোয়াড।এক ঝাঁক নতুন এবং কিউই টি-টোয়েন্টি একাদশে অনিয়মিত এই খেলোয়াড়দের নেতৃত্বে থাকবেন উইকেটকিপার ব্যাটসম্যান টম লাথাম।
অনভিজ্ঞ এই স্কোয়াডেও অবশ্য রয়েছে টি-টোয়েন্টির জন্য কার্যকর বেশকয়েকজন প্লেয়ার। কলিন ডি গ্র্যান্ডহোম, ফিন অ্যালেনরা তাদের মধ্যে অন্যতম। টি-টোয়েন্টিতে অনিয়মিত হলেও অধিনায়ক লাথামের রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ভালো খেলার অভিজ্ঞতা। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন কোল ম্যাকঞ্চি, রাচিন রবিন্দ্র এবং বেন সিয়ার্স।
নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসবে আগস্টের ২৪ তারিখ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মিরপুরে মাঠে গড়াবে সেপ্টেম্বরের এক তারিখ।






