

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মেট্রোপলিটনের নবাগত পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। এ সময় তিনি শুধু লাঠি, অস্ত্র আর ক্ষমতার বাহাদুরি দিয়ে কিছু হয় না বলে মন্তব্য করেছেন।
রোববার বেলা ১১টার দিকে জিএমপি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভায় তিনি প্রথমে সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে সাংবাদিকদের কথা শুনেন এবং মহানগর পুলিশের জনবল ও বর্তমান কার্যক্রম নিয়ে খোলামেলা কথা বলেন।
এ সময় জিএমপি কমিশনার বলেন, পুলিশ হচ্ছে জনগণের জন্য। পুলিশের ওপর জনগণের আস্থা না থাকলে পুলিশিং করা যাবে না। এবারে পুলিশ হারে হারে টের পেয়েছে। শুধু লাঠি, অস্ত্র আর ক্ষমতার বাহাদুরি দিয়ে কিছু হয় না। পুলিশের প্রতি জনগণের আস্থা থাকতে হয়। পুলিশের এই অবস্থা ভুল নেতৃত্বের কারণে হয়েছে। রাষ্ট্রের সঙ্গে যেমন একটি দল একাকার হয়ে গিয়েছিল, তেমনি পুলিশ একটি দলের বাহিনীতে পরিণত হয়েছিল। যার কারণে স্বাভাবিকভাবে পুলিশ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বাংলাদেশের পুলিশ এতটা অসহায় অবস্থায় কখনো পড়েনি। এটা আমাদের জন্য চরম শিক্ষা হয়েছে।
তিনি বলেন, এখন নতুন নেতৃত্বে পুলিশ আবার ঘুরে দাঁড়াবে এবং জনগণের আস্থা অর্জন করবে। আমরা এ দল, সে দল আমরা বুঝি না, আমরা আর কোনো দলের হয়ে কাজ করব না। আমাদের প্রধান কাজ হবে দেশের আইনশৃঙ্খলা বজায় রেখে পুলিশকে একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলা। আমরা মাদক, যানজট, চাঁদাবাজি নির্মূল নিয়েও কাজ করব।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক ইজাজ আহাম্মেদ মিলন, রাজীবুল হাসান, পলাশ প্রধানসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার জিয়াউল হক, আহামার উজ্জামান, ডিসি ট্রাফিক মো. ইব্রাহীম খান, ডিসি (লজিস্টিক) আরিফুল ইসলাম, ডিসি (ডিবি) আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান, ডিসি কামাল হোসেন, আবুল হোসেন, ইলতুৎমিস নাজির আহাম্মেদ খানসহ মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।






