প্রাজ্ঞতা, বিজ্ঞতা, বিচক্ষণতা ও সকল শুভ প্রয়াসের জয় হউক

0
141
728×90 Banner

মাহবুব-উল-আলম খান: করোনার ভয়াল ছোবলে সারাবিশ্ব টালমাটাল, জ্বলছে। এখনো চলছে করোনার বিষক্রিয়া। আবার শুরু হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বিশ্বের রাজনীতি ও অর্থনীতি এখন অস্বাভাবিক ও বিপর্যস্ত। সৃষ্টির পর হতে আজতক বিশ্বের সামগ্রিক পরিস্থিতি এহেন ভয়ংকার আকারের হয়েছিল কিনা জানা নেই। নানাবিধ সমস্যা ও সংকটে সারাবিশ্ব আজ জর্জরিত, দিশেহারা। বাঙালী জাতির জন্য আগষ্ট মাস, শোকের মাস। এই শোকের মাঝে নানাবিধ সমস্যায় জর্জরিত এদেশের কোটি কোটি মানুষকে যতদুর সম্ভব স্বস্তি দিয়ে মানিয়ে চলাই উত্তম। এদেশে বিএনপি, জামাত, হেফাজত ইত্যাদি তাদের অংগ সংগঠনসহ কতিপয় ভাতাপ্রাপ্ত বাম ডান দল এবং স্বাধীনতা বিরধী শক্তি এখন নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত। এখানে মুক্তিযুদ্ধের চেনতাবিরোধী শক্তি, রাজাকার, আলবদর, আলশামস, দালাল যুদ্ধাপরাধী পাকিস্তানী প্রেতাত্মাসহ নানাবিধ অপশক্তি বিদ্যমান আছে; এরা ছলে বলে কলা কৌশলে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এরা তাদের পেয়ারে পাকিস্তানের স্বপ্নে বিভোর। গত ৪৫ বছরে এরা ফুলে ফেঁপে, অর্থবিত্তে মহীরুহে পরিণত হয়েছে। সকল ষড়যন্ত্রের, অপকর্মের কলকাঠি নাড়ছে দুর্নীতির মহারাজা হাওয়া ভবন ও খোয়াব ভবনের প্রতিষ্ঠাতা ২১ আগষ্ট হত্যার জন্য আজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুলাংগার তারেক জিয়া। বাংলাদেশ হতে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে গড়েছে সম্পদের পাহাড়। বর্তমানে সপরিবারে লন্ডনে বসবাস করছে মহারাজার হালে। আর হাওয়া ভবনের পাত্র ও খোয়াব ভবনের পাত্রীরা টকশো, ফেসবুক বিভিন্ন মিডিয়ায় অবিরাম গলাবাজি করে যাচ্ছে। মানুষ রূপী এই চরিত্র গুলি বাঙালী না পাকিস্তানী বুঝতে কষ্ট হয়।

এই পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, সরকারকে অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। কথাবার্তা, আচার-আচরণ করতে হবে অত্যন্ত প্রাজ্ঞতা, বিজ্ঞতার সাথে। কতিপয় মন্ত্রীর কথাবার্তা, আচার-আচরণে, কর্মকান্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। যদি মাননীয় প্রধানমন্ত্রীকেই সব দেখতে হয়, করতেও হয়, তাহলে এরা মন্ত্রী হলেন কিজন্য? এরা কি হাইব্রীড? সামনে নির্বাচন এই মূহুর্তে তেল গ্যাস, জ্বালানি, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অবিলম্বে মূল্য বৃদ্ধির লাগাম ধরতে হবে, সহনীয় পর্যায়ে আনা প্রয়োজন। এই অপরিনামদর্শী কাজের জন্য দায়ীদের আইনের আওতায় আনতে হবে। এহেন সব কাজ করতে হবে ঠান্ডা মাথায় বিশেষজ্ঞদের সাথে, রাজনীতিবিদদের সাথে আলাপ আলোচনা করে। রাতের আধারে আলোচনা ছাড়াই মূল্য বৃদ্ধি এহেন অপকর্ম স্যাবোটেজ করার শামিল। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হতে বাধ্য। কেন এমন করা হল তা বোধগম্য নয়। মাননীয় মন্ত্রী, উপদেষ্টা জবাব দেবেন কি? মনে হচ্ছে ক্ষমতায় আওয়ামীলীগ সরকারে বিএনপি, জামাত, হেফাজত, জংগী, হিজবুত, তেহরীর ইত্যাদি। রাজনীতিতে, প্রশাসনে, পুলিশে, শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন ক্ষেত্রে ঘাপটি মেরে থাকা বিএনপি জামাত ও অপশক্তির এজেন্টদের চিহ্নিত করে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। নইলে এরা স্যাবোটেজ করেই যাবে। এজন্য সরকারকে অত্যন্ত সজাগ হতে হবে ও কঠোর ব্যবস্থা নিতে হবে।

সামগ্রীক পরিস্থিতিতে আগামী নির্বাচনের আগে মূলবৃদ্ধিই করা উচিৎ হবেনা। যদি করতেই হয় তা করতে হবে অনেক ভেবেচিন্তে সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ-আলোচনা করেই। সব কাজই করতে হবে ধীর স্থির মস্তিস্কে বিচক্ষণতার সাথে। আগামী নির্বাচনের বিষয়টিও মাথায় রাখতে হবে। অনাহুত, অর্বাচীনের মতো কথা বলা বোকামীর লক্ষন। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট করে। রাজনীতিবিদদের এটা মনে রাখা আবশ্যক। মন্ত্রী-উপদেষ্টাগণ অনর্থক উল্টা পাল্টা আজেবাজে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সৎ প্রয়াসগুলি ব্যাহত করবেন না। নিজেরাও জনগণের গালি খাবেন না। সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। রাজনীতি হোক দুঃখী মানুষের মুখে অনাবিল হাসি ফুটানোর জন্য–দেশের সামগ্রিক উন্নয়নের জন্য। এদেশে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত। এরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাৎ করতে চায়। কাউকে সমালোচনার সুযোগ করে দেয়া যাবেনা। প্রতিটি কর্মকান্ড চালাতে হবে অত্যন্ত দক্ষতার সাথে। অতএব অজ্ঞতার সাথে কথা বলা বন্ধ করতে হবে। সাধারণ মানুষের চাওয়া-পাওয়া, সুবিধা-অসুবিধা বিবেচনায় রাখতে হবে। সারাদেশে যে অস্থিরতা বিএনপি-জামাতের তান্ডব শুরু হয়েছে এসব ঠান্ডা মাথায় মোকাবিলা করতে হবে সুষ্ঠুভাবে। মন্ত্রী, উপদেষ্টা, এমপি রাজনীতিবিদদের কথাবার্তা কর্মকান্ড চালাতে হবে অত্যন্ত প্রাজ্ঞতা, বিজ্ঞতা ও বিক্ষণতার সাথে। মানুষের ভোগান্তি নয়, চাই সামগ্রিক সুবিধা ও কল্যাণ। অতএব, হুশিয়ার সাবধান। মাননীয় প্রধানমন্ত্রীর সৎ প্রয়াসগুলি নস্যাৎ করবেন না। সকলকে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধে উজ্বীবিত হয়ে এগিয়ে যেতে হবে বলিষ্ঠ পদক্ষেপে আগামী এক সুন্দর ভবিষ্যতের জন্য। জাতির পিতার আজীবন স্বপ্নকে বাস্তবায়নের জন্য।

এই মুহুর্তে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এমনকি যোগাযোগ মন্ত্রীর ও অব্যাহতি চায় সাধারণ জনগণ। কেননা দলের সাধারণ সম্পাদককে সার্বক্ষণিক দলের কাজে নিয়োজিত থাকাই উত্তম। জাতির পিতা মন্ত্রীত্ব ছেড়ে এভাবেই দলের হাল ধরে ছিলেন ও দলকে অত্যন্ত সুসংগঠিত করেছিলেন। উহা ছাড়া বিদ্যুৎ, জ্বালানি উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টারও প্রয়োজন আছে বলে মনে করে না জনগণ। অবৈতনিক উপদেষ্টা ছাড়া সকল উপদেষ্টাদের বাদ দেয়াই মঙ্গল। অনেক অর্থ সাশ্রয় হবে। এদের স্থলে সৎ, বিজ্ঞ, নিষ্ঠাবান, আদর্শবান রাজনীতি বিদদের ও গ্রহণযোগ্য, সৎ, নিষ্ঠাবান ব্যক্তিদের মন্ত্রী হিসেবে নিয়োজিত করা একান্ত অপরিহার্য হয়ে পড়েছে। সেক্ষেত্রে পদ্মাসেতু নির্মাণে কাল্পনিক দুর্নীতির জন্য অন্যায়ভাবে মন্ত্রীত্ব থেকে বাদ দেওয়া সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে অবিলম্বে যোগাযোগমন্ত্রী হিসেবে নিয়োজিত করা বিবেচনার দাবী রাখে। তাছাড়া বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর স্থলে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োজিত হলে এই মন্ত্রণালয়ের কর্মকান্ড আরো গতিশীল ও বেগবান হবে বলে আশা করা যায। তার শিক্ষাদীক্ষা, জ্ঞান গরিমা অপরিসীম। তিনি সাবেক রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইসচেন্সেলর মুক্তিযুদ্ধের মহান সংগঠক আবু সাঈদ চৌধুরীর সন্তান। একজন নিষ্ঠাবান ও আদর্শবান প্রাজ্ঞ, বিজ্ঞ মানুষ। তাহলে সরকারের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে।বর্তমান মন্ত্রীসভার কিছু পরিবর্তন অপরিহার্য্য হয়ে পড়েছে। সদাশয় সরকারের সকল কর্মকান্ড এগিয়ে চলুক সুষ্ঠু গতিতে উহাই প্রত্যাশ্যা। ত্রিশ লক্ষ শহীদ, চার লক্ষাধিক মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত মহান এই স্বাধীনতাকে অর্থবহ করতেই হবে। এত আত্মত্যাগ, ত্যাগ তিতিক্ষার স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়ন করতেই হবে। জাতির পিতা আমাদের রাজনৈতিক স্বাধীনতা দিয়ে গেছেন, অর্থনৈতিক মুক্তি দেয়ার সুযোগ পাননি। ষড়যন্ত্রের নীল নকসায় ঘাতকের বুলেটে তিনি নির্মম, নিষ্ঠুরভাবে সপরিবারে নিহত হয়েছেন। জাতির পিতার রক্তের ঋণ শোধ করতে হবে। আসুন শত ষড়যন্ত্রের জ্বাল ছিন্ন করে, যে যেখানেই থাকিনা কেন কাজ করে যাই অত্যন্ত সততা, নিষ্ঠা, দক্ষতা ও দেশপ্রেম নিয়ে মানুষের কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনা ও শ্লোগানে। আমরা সমস্বরে মনের মাধুরী দিয়ে গেয়ে যেতে চাই “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।“ ইনশাল্লাহ জয় আমাদের হবেই হবে। আমাদের সকল শুভ প্রয়াসের জয় হউক।
জয় বাংলা

(লেখক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব)

 

 

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here