
ডেইলি গাজীপুর প্রতিবেদক : উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের টিকা দেওয়া এবং সুরক্ষা অ্যাপে তাঁদের অগ্রাধিকারের বিষয়ে পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জেনে রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রাষ্ট্রপক্ষের কাছে এ তথ্য জানতে চান।
করোনার টিকা পেতে অগ্রাধিকার অপশনে উচ্চশিক্ষার জন্য বিদেশে লেখাপড়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের না থাকার বিষয়টি নজরে আনা হলে হাইকোর্ট ওই তথ্য জানাতে বলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মো. জাহাঙ্গীর আলম বিষয়টি আদালতে তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
পরে সমরেন্দ্র নাথ বিশ্বাস প্রথম আলোকে বলেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে গমনেচ্ছু শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অবস্থান জানতে চেয়েছেন আদালত। অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলে এ বিষয়ে পদক্ষেপ আদালতকে জানাতে বলা হয়েছে।
ওই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন দিতে বলেছেন বলে জানান আইনজীবী শেখ মো. জাহাঙ্গীর আলম। তিনি প্রথম আলোকে বলেন, উচ্চশিক্ষার সুযোগ পেয়ে অনেক শিক্ষার্থী বিদেশ যাওয়ার অপেক্ষায় রয়েছেন। আসছে সেপ্টেম্বর ক্লাস শুরু হওয়ার কথা। তবে শর্ত আছে বিদেশ যেতে হলে দুই ডোজ টিকা নেওয়ার পর ১৪ দিন নিজ দেশে থাকতে হবে। অথচ করোনার টিকার জন্য সুরক্ষা অ্যাপে বিদেশে গমনেচ্ছু শিক্ষার্থীদের কোনো অপশন নেই।
এই আইনজীবী বলেন, আগস্টের ১৫ তারিখের মধ্যে বেশির ভাগ শিক্ষার্থীকে বিদেশে যেতে হবে। সে জন্য বিদেশে গমনেচ্ছু শিক্ষার্থীদের পক্ষে সুরক্ষা অ্যাপে ওই শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি ও তাঁদের টিকা প্রদান নিশ্চিতে বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়।






