মান্দায় আদালতের রায়কে অমান্য করে সীমানা প্রাচীর গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা: সংবাদ সম্মেলন

0
128
728×90 Banner

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় আদালতের চূড়ান্ত রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিরোধপূর্ণ জমিতে নির্মিত সীমানা প্রাচীর ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে । উপজেলার কুসুম্বা ইউনিয়নের কিত্তিলী গ্রামে শনিবার বিকালে সাড়ে ৪ টার দিকে এই হামলার ঘটনা ঘটে । এর প্রতিবাদে এবং জানমালের নিরাপত্তার দাবিতে আজ রোববার (২৯ মাচ) দুপুরে এক সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শহিদুল ইসলাম । তিনি জানান, প্রতিবেশী আবতাবুর জামান ও তার স্ত্রী ফেরদৌসী গংদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল । বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে বিজ্ঞ আদালত শহিদুল ইসলামের পক্ষে চূড়ান্ত রায় প্রদান করেন।
অভিযোগ করা হয়, আদালতের সেই আদেশ তোয়াক্কা না করে শনিবার বিকেলে আবতাবুর জামান ও ফেরদৌসীর নেতৃত্বে একদল ভাড়াটে দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি ও সাবল দিয়ে নির্মাণাধীন প্রায় ৫০০ ফিট সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেয়। এতে ভুক্তভোগী পরিবারের প্রায় ৭ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে ।
শহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন,”আদালতের রায় আমাদের পক্ষে থাকা সত্ত্বেও তারা গায়ের জোরে এই তাণ্ডব চালিয়েছে । বাধা দিতে গেলে তারা আমার পরিবারের সদস্যদের ওপর হামলার চেষ্টা চালায় এবং এলাকা ছাড়া করাসহ প্রাণনাশের হুমকি দেয় । আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আফতাবুর জামান ও তার স্ত্রী ফেরদৌসী গণমাধ্যমকর্মীদের সামনে প্রাচীর ভাঙার কথা স্বীকার করে বলেন, “ওই সীমানায় আমরা জমি পাব। বারবার বলার পরেও তারা জমি বুঝিয়ে না দেওয়ায় আমরা প্রাচীরটি ভেঙে দিয়েছি ।” তবে আইন হাতে তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে । এই ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন। আদালতের রায় অমান্য করে যারা আইন হাতে তুলে নিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
উক্ত সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম ছাড়াও এমদাদুল হক, শিমু আক্তার, জিন্নাত ও লতিফুর জামানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here