রাজধানীতে এক আইনজীবীসহ দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ

0
99
728×90 Banner

বিশেষ সংবাদদাতা : রাজধানীর বসুন্ধরা ও হাজারীবাগের ঝাউচর পৃথক এলাকায় দুর্বৃত্তরা এক আইনজীবী ও এক যুবকসহ দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ বলছে, নিহতরা হলো- নাঈম কিবরিয়া (৩৫) ও মো: শিপন (২৪)। নিহত নাঈম কিবরিয়া পাবনা সদর উপজেলার চক জয়েনপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে এবং পেশায় একজন আইনজীবী ছিলেন। এছাড়া মো: শিপন (২৪) হাজারীবাগের বড় মসজিদ এলাকার বাসিন্দা এবং মো. শাহ আলমের ছেলে।
গতকাল বুধবার (৩১ ডিসেম্বর, ২০২৫) দিবাগত রাত সাড়ে ৩টা এবং একই রাতে রাজধানীর হাজারীবাগের ঝাউচর ও বসুন্ধরা আবাসিক এলাকায় এসব পৃথক ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার ডিএমপির ভাটারা থানার (এসআই) মো. আরিফুল ইসলাম ও হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শীল সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি,২০২৬ ) সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাতে নাঈম কিবরিয়া একটি প্রাইভেট কার চালিয়ে যাওয়ার সময় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। এ ঘটনার পর মোটরসাইকেল থেকে নেমে আসা আরোহীরা প্রাইভেটকারের চালক নাঈম কিবরিয়ার ওপর চড়াও হয়। তারা তাকে কিল ও ঘুষি মারতে শুরু করলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে আহত অবস্থায় নাঈম কিবরিয়াকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসআই আরও জানান, নিহতের মুখ দিয়ে লালা জাতীয় পদার্থ বের হচ্ছিল। মুখ থেকে নেশা জাতীয় গন্ধ পাওয়া গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এসব বিষয় সত্ত্বেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত নাঈম কিবরিয়া পাবনা সদর উপজেলার চক জয়েনপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে এবং পেশায় একজন আইনজীবী ছিলেন।
ভাটারা থানার এসআই মো. আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একটি ট্রলির ওপর থেকে নাঈম কিবরিয়ার লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর,২০২৫) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. শিপন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হাজারীবাগের বড় মসজিদ এলাকার বাসিন্দা এবং মো. শাহ আলমের ছেলে।
ডিএমপির হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শীল জানান, খবর পেয়ে ঘটনার দিন রাতে হাজারীবাগ থানাধীন ঝাউচর এলাকার সিয়াম স্কুলের গলি থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, কে বা কারা ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। এছাড়া তার বাম হাতের কব্জি কাটা, বাম হাতের কনিষ্ঠ আঙুল ও তার পাশের আঙুলের ওপরের অংশ বিচ্ছিন্ন, ডান পায়ের হাঁটুর বরাবর ধারালো অস্ত্রের কোপ এবং বাম পায়ের হাঁটুর নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
পৃথক ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here