

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকা ও সহ আশপাশের এলাকায় সন্ধ্যায় বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের আকাশে বৃষ্টিবলয় গোধূলি সক্রিয় থাকায় বিকালের পর থেকে রাজধানী এবং তার আশেপাশের এলাকায় ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়।
বুধবার (১৮ মার্চ) বিকালে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বিকাল ৫টা ১৫ মিনিটের পর থেকে ৬টার মধ্যে ঢাকায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, গাজীপুর জেলায় বিকাল ৫টার পর থেকে সাড়ে ৫টার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ছিল। রাজশাহী শহরেও বিকাল ৫টার পর বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হয়েছিল।
সন্ধ্যার এই বৃষ্টিপাতের কারণে রাজধানীসহ আশপাশের এলাকার মানুষজন কিছুটা স্বস্তি অনুভব করেছেন। আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ২০ মার্চ (শুক্রবার) অথবা ২১ মার্চ (শনিবার) উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। এ দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৮ মার্চ) দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।
বার্তায় বলা হয়েছে, আগামী পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী ২০ মার্চ রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
অন্যদিকে, ২১ মার্চও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ওই দিন ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।






