রাজধানী ঢাকাসহ দেশে সক্রিয় অপরাধজগৎ,শীর্ষে রয়েছে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীরা

0
125
728×90 Banner

মনির হোসেন জীবন, স্পেশাল করেসপন্ডেন্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ১০ দিন সাড়ে ৮ ঘন্টা বাকি আছে। চলতি বছরের আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন। এ লক্ষে নির্বাচনকে ঘিরে কঠোর গোপনীয়তা- নীরবে ও অত্যন্ত সু-পরিকল্পিতভাবে রাজধানী ঢাকাসহ দেশের অপরাজগৎ নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী তথা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ‘লো প্রোফাইল-হাই রিস্ক’ কৌশলে নৃত্য নতুন কৌশলে পেশাদার কিলার, দাগি অপরাধী, ভাড়াটে কিলার ও উঠতি বয়সের তরুণ অপরাধীরা নিজেদের অবস্থান শক্ত করেছে। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশজুড়ে রাজনৈতিক খুন, দফায়- দফায় হামলা, পাল্টা হামলা, মামলাসহ হতাহতের ঘটনা প্রকাশ্যে ও নীরবে অহরহ ঘটছে। এছাড়াও চলতি মাসের ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী প্রায় ছোট বড় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টরা বলছে, অস্ত্র কারবারিদের নিয়ন্ত্রণে রয়েছে আন্ডারওয়ার্ল্ডের অবৈধ অস্ত্রের বাজার। হাত বাড়ালেই সহজে পাওয়া যাচ্ছে এসব আগ্নেয়াস্ত্র। শহর কিংবা পাড়া-মহল্লায় প্রকাশে কিংবা নীরবে অবাধে কেনাবেচা হচ্ছে ওইসব অস্ত্র। তবে লুট হওয়া অস্ত্র গুলো নিয়ে কিছুতেই শঙ্কা কাটছে না। রাজধানী ঢাকাসহ সারা দেশে অন্তত ৫শ থেকে সাড়ে ৫শ অস্ত্র কারবারি গ্রুপ সক্রিয় আছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। দলীয় ক্যাডার ও অপরাধীদের পছন্দ ছোট আকারের অস্ত্র। টেকনাফ, বেনাপোল, চাঁপাইনবাবগঞ্জসহ অন্তত ১৮টি সীমান্ত পয়েন্ট দিয়ে দেশে আসছে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিস্ফোরক জাতীয় দ্রব্য। নানামুখী অপরাধ মূলক কর্মকাণ্ডে শীর্ষে রয়েছে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীরা। খবর সংশ্লিষ্ট একাধিক সূত্র, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন তথ্য সূত্রের।
খোঁজ নিয়ে জানা যায়, দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ এখন সারা দেশেই বিরাজমান। কাক ডাকা ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের এমপি প্রার্থীরা নানা কৌশলে নিজ নিজ আসনের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। দেশের অনেক অঞ্চলে প্রার্থীরা একে অপরকে আঘাত-পাল্টা আঘাতসহ বিভিন্ন ধরনের কটুক্তি করছেন; ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রত্যেকেই। আবার তাদের সমর্থকরাও খুন, হাতাহাতিসহ নানা ধরনের সংঘর্ষে লিপ্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে । প্রার্থীদের আঘাত-পাল্টা আঘাত এবং তাদের সমর্থকদের সংঘর্ষে জড়ানোর কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার উপক্রম হয়েছে। এক্ষেত্রে বাড়তি আশঙ্কা তৈরি হয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে। অস্ত্র কারবারিদের নতুন তালিকা তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা । নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে উত্তাপ ও উদ্বেগ ততই বাড়ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। লুন্ঠিত অস্ত্র-গুলি দফায় দফায় হাতবদলও হচ্ছে।
গত শুক্রবার (৩০ জানুয়ারি, ২০২৬) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টারের একটি স মিলের বিপরীতে ড্রেনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাব-১০। গ্রেনেড গুলো জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া বলে ধারণা করছে র‍্যাব। র‍্যাব-১০-এর সহকারী পরিচালক তাপস কর্মকার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গেল সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর থেকে ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোট-সমর্থিত প্রার্থী মো. আরিফুল ইসলামের আজাদী যাত্রা থেকে মো. মানিক নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গাজীপুরের গাছা উপজেলার খাইলকৈর দক্ষিণ গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মানিক। ডিএমপির উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোর্শেদ আলম সাংবাদিকদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গত শনিবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে জামায়াত কর্মী জহিরুল ইসলাম, মুস্তাকিম হাসানসহ অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান মোহাম্মদ শাহজালাল সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একই দিন
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী জনসভা শেষে ফেরার পথে উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের হাটবাইর এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। তার মধ্যে জামায়াতের কর্মী রবিউল হোসেন, জাকারিয়া রাসেল, রাসেল ও চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের নেতা রিফাত সানি, উপজেলা বিএনপির সহসভাপতি সোলেমান চৌধুরী, তাঁর গাড়িচালক মামুন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুমিল্লা চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) ছানা উল্লাহ স্থানীয় সাংবাদিকদের নিকট ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, রাজনৈতিক ক্যাডার ও অপরাধীদের পছন্দের তালিকায় রয়েছে ছোট আকারের অস্ত্র। বহন ও ব্যবহার নিরাপদ বলেই তারা ক্ষুদ্রাস্ত্র ব্যবহারে বেশি আগ্রহী। পৌঁনে ১ লাখ টাকা থেকে শুরু করে ৪/৫ লাখ টাকায় মিলছে অত্যাধুনিক অস্ত্র। কোন কোন দামি আগ্নেয়াস্ত্র কিনতে আরও বেশি টাকা লাগে। উদ্ধার হওয়া ছোট অবৈধ অস্ত্রের মধ্যে রয়েছে উগনি কোম্পানির রিভলবার, মাউজার পিস্তল, ইউএস তাউরাস পিস্তল, ইতালির প্রেটো বেরোটা পিস্তল, জার্মানির রুবি পিস্তল, ইউএস রিভলবার, আমেরিকার তৈরি নাইন এমএম পিস্তল ও মেগনাম কোম্পানির থ্রি-টু বোরের রিভলবার। যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জাপান, ব্রাজিল, বুলগেরিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, চীন, ইসরায়েল, জার্মানি ও রাশিয়ার তৈরি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারত ও মিয়ানমার হয়ে বঙ্গোপসাগর পাড়ি দেয়। চাইনিজ রাইফেল, পিস্তল, রিভলবার, স্টেনগান, মেশিনগান, সাব-মেশিনগান, কালাশনিকভ সিরিজের একে-৪৬, একে-৪৭, একে-৫৪, একে-৫৬, একে-৭৪ ও এম-১৬-এর মতো ভয়ংকর অস্ত্রও রয়েছে।
সূত্রগুলো বলছে, দেশের বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকা চোরাকারবারিরা বেশি ব্যবহার করছে। চট্টগ্রাম, কক্সবাজার, সেন্টমার্টিন, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙ্গুনিয়া, বান্দরবান, রাঙ্গামাটির সাজেক, খাগড়াছড়ির রামগড়, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, পটুয়াখালী, পিরোজপুর, মোংলা, উখিয়া, রামু, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, রাউজান, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, হিলি ও সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র আসছে। একেকটি একে-৪৭ রাইফেল ৪/৫ লাখ থেকে ২/৩ লাখ টাকা, আমেরিকার তৈরি পিস্তল দেড় লাখ থেকে দুই লাখ টাকা, নাইন এমএম পিস্তল ম্যাগজিনসহ দেড় লাখ থেকে ২ লাখ টাকা, থ্রিটু বোরের রিভলবার ২ লাখ টাকা, উগনি কোম্পানির রিভলবার ২ লাখ টাকা, মাউজার পিস্তল দুই লাখ টাকা, ইউএস তাউরাস পিস্তল আড়াই লাখ টাকা, ইতালির প্রেটো বেরোটা পিস্তল সাড়ে তিন লাখ টাকা, জার্মানির রুবি পিস্তল আড়াই লাখ টাকা, ইউএস রিভলবার দেড় লাখ টাকা, চায়নিজ রাইফেল দেড় লাখ টাকা থেকে দুই লাখ টাকা, পাইপগান (ভারতে তৈরি) ৬০ হাজার থেকে এক লাখ টাকা, গুলি প্রতি রাউন্ড দুইশ টাকা, দেশি অস্ত্রের মধ্যে টুটু বোরের পিস্তল ৩০ হাজার ও রিভলবার ৪৫ হাজার টাকায় কেনাবেচা হচ্ছে। তাছাড়া ৪ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে পিস্তল ও রিভলবার ভাড়ায় পাওয়া যায়। অপারেশন শেষ হলে এসব অস্ত্র আবার ফেরত দেওয়া হয়।
এদিকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রগুলো জানিয়েছে, রাজধানী ঢাকাসহ সারা দেশে অন্তত ৫শ থেকে সাড়ে ৫শ অস্ত্র কারবারি গ্রুপ সক্রিয় আছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে । নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে ওইসব অস্ত্র কারবারিরা, তাদের নিয়ে পুলিশে উদ্বেগ-উৎকণ্ঠা আছে। তাদের দ্রুত আইনের আওতায় নিতে পুলিশের সব ইউনিট প্রধানকে বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ বলছে, সীমান্ত এলাকায় বিশেষ নজরদারির ঘাটতি রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া অস্ত্রও ওইসব কারবারিদের কাছে রয়েছে। বেহাত হওয়া অস্ত্র-গোলাবারুদ নিয়ে শঙ্কায় রয়েছে পুলিশ। তারা সংসদ নির্বাচনেও হুমকি তৈরি করতে পারে। এসব আগ্নেয়াস্ত্র দিয়ে খুনখারাবি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক কারবার, ডাকাতি, ছিনতাই, আধিপত্য বিস্তার, রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্ব প্রভৃতি বিরোধে ও অপরাধে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে হওয়ার শঙ্কা আছে। বিশেষ করে অস্ত্র কারবারিদের নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট সংস্থা ইউনিট প্রধান, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে ইতোমধ্যে বিশেষ বার্তাও পাঠানো হয়েছে। গুলি, ডাকাতি, ছিনতাই, খুন, দস্যুতা, পাশবিক নির্যাতন, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন, পুলিশের ওপর হামলা, মাদকদ্রব্য কেনাবেচা, চোরাচালান, চুরি প্রভৃতি অপরাধ বেড়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বাড়ানো, অপরাধপ্রবণ এলাকায় টহলসংখ্যা বাড়ানো, গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত প্যাট্রল ডিউটি বাড়ানোর বিষয়ে পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপ-পুলিশ কমিশনার, সেনাবাহিনীর মাঠে নিয়োজিত ব্রিগেডপ্রধান ও অন্য দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতিটি ঘটনার ক্ষেত্রে সমন্বয় করে অস্ত্র কারবারিদের ধরতে প্রতিবেদনে বলা হয়েছে। বর্তমানে এসব অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র গুলো আরও জানিয়েছে, রাজধানী ঢাকা, ঢাকা জেলাসহ দেশের বিভাগীয় শহর ও বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র ইতোপূর্বে লুট হয়েছে সেগুলো নিয়ে শঙ্কা কাটছে না। লুট হওয়া অস্ত্রগুলো ওইসব কারবারিদের কাছেই আছে। গণঅভ্যুত্থান চলাকালে পুলিশের থানা, ফাঁড়ি থেকে বিপুল অস্ত্র-গোলাবারুদ লুট হয়েছে। তন্মধ্যে থানার ১ হাজার ৩৩৫টি ও কারাগারের ২৭টি অস্ত্র এবং ২ লাখ ৫৭ হাজার ৫৭৪টি গোলাবারুদ উদ্ধার হয়নি এখনো।
পুলিশ সূত্র জানায়, কারবারিদের নিয়ন্ত্রণে আন্ডারওয়ার্ল্ডের অবৈধ অস্ত্রের বাজার। হাত বাড়ালেই সহজে পাওয়া যাচ্ছে আগ্নেয়াস্ত্র। পাড়া-মহল্লায় অবাধে কেনাবেচা হচ্ছে ওইসব অস্ত্র। অস্ত্রবাজরা টার্গেট করছে রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষকে। তালিকার পর তালিকা করেও ওইসব কারবারিদের ধরতে হিমশিম খাচ্ছে আইনপ্রয়োগকারী সংস্থা। রাজনৈতিক ক্যাডার থেকে শুরু করে উঠতি অপরাধীরা প্রকাশ্যেই অস্ত্রের মহড়া দিচ্ছে। রাজনৈতিক সংঘাত-সহিংসতা, টেন্ডারবাজি থেকে শুরু করে খুন, ডাকাতি, ছিনতাইয়ের কাজে ব্যবহত হচ্ছে অত্যাধুনিক অবৈধ অস্ত্র। নজরদারি না থাকায় দেশের বিভিন্ন সীমান্ত পথে হরহামেশা ঢুকছে আগ্নেয়াস্ত্র। অপরাধীরা স্পেন ও জার্মানির তৈরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে। ওইসব অস্ত্র ওজনে হালকা, গুলি করার সময় শব্দ ও ঝাঁকুনি কম হয় এবং সহজেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, অপরাধ নিয়ন্ত্রণ ও ঝুঁকি মূল্যায়ন চলছে সমন্বিতভাবে। একদিকে ২০০১ সালে ঘোষিত শীর্ষ ২৩ সন্ত্রাসীর পুরোনো তালিকা হালনাগাদ করা হচ্ছে; অন্যদিকে থানা, ওয়ার্ড ও ভোটকেন্দ্রভিত্তিক ‘রিস্ক ম্যাপ’ প্রস্তুত করা হয়েছে।
পুলিশের একাধিক নির্ভরশীল সূত্র জানায়, বিভিন্ন অভিযানে সম্প্রতি উদ্ধার হওয়া অস্ত্রের ধরনেও পরিবর্তন এসেছে। বিদেশি পিস্তল, সাইলেন্সার, স্বয়ংক্রিয় রাইফেল ও উন্নত দেশীয় আগ্নেয়াস্ত্র মিলছে। অপরাধে জড়ানো তরুণদের বড় একটি অংশের বয়স ১৮ থেকে ২৫ বছর। এ কারণে নির্দিষ্ট ঝুঁকি ও অপরাধের ধরন অনুযায়ী টার্গেটেড ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাসী জীবন দেখা, দ্রুত অর্থ উপার্জনের লোভ এবং রাজনৈতিক ছত্রছায়া অনেক তরুণকে অপরাধের পথে ঠেলে দিচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলো বলছে, এয়োদশ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অপরাধজগতের তৎপরতাও পাল্লা দিয়ে বাড়ছে। স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং অবৈধ অর্থ সংগ্রহে এসব চক্রকে ব্যবহারের অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, দেশের টেকনাফ, বেনাপোল, চাঁপাইনবাবগঞ্জসহ অন্তত ১৮টি সীমান্ত পয়েন্ট দিয়ে আগ্নেয়াস্ত্র প্রবেশ করছে বাংলাদেশে। এছাড়া ২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্রের একটি বড় অংশ এখনো উদ্ধার হয়নি। তথ্য অনুসন্ধান ও আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন তথ্য সূত্রে দেখা যাচ্ছে, ঢাকার অপরাধজগৎ আর পাড়া-মহল্লায় সীমাবদ্ধ নেই। এটি আন্তর্জাতিক নেটওয়ার্কে রূপ নিয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি, স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির, পল্লবীর স্থানীয় যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, ঢাকার আদালতপাড়ায় শীর্ষ সন্ত্রাসী তারেক সাইফ মামুন হত্যাসহ সম্প্রতি কয়েকটি আলোচিত ঘটনার নেপথ্যে আন্ডার ওয়ার্ল্ডের সংশ্লিষ্টতার তথ্য মিলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)র এক থানার অফিসার ইনচার্জ (ওসি) এ প্রতিবেদককে জানান, নির্বাচনের আগে দাগি আসামি, জামিনে থাকা অপরাধী এবং নতুনভাবে সক্রিয় নব্য অপরাধীদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। পুরোনো মামলার ভিত্তিতে গ্রেফতার অভিযান জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা সম্প্রতি গণমাধ্যমকে জানান, অনেক সন্ত্রাসী এখন দেশের বাইরে অবস্থান করছে। বাংলাদেশের নিকটবর্তী দেশ ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে এনক্রিপটেড অ্যাপের মাধ্যমে নির্দেশনা দিচ্ছে তারা। গোয়েন্দা পুলিশের কর্মকর্তা বলছে, আগে নামকরা মস্তানদের দেখা যেত। এখন কাজ করছে ‘শ্যাডো নেটওয়ার্ক’। ছোট ছোট সেল, তাদের মাঝে সীমিত যোগাযোগ; কিন্তু আঘাত মারাত্মক।
পুলিশের উপ-মহাপরিদর্শক (অপারেশন) রেজাউল করিম সম্প্রতি সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করা হয়েছে। আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীসহ অন্য অপরাধীদের ধরার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যদের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি। দেশের অস্ত্র কারবারিদের নতুন তালিকা ধরে যৌথ বাহিনীর অভিযান চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here