
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি ওজনের ২০ পিস সোনাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যাক্তির নাম মোহাম্মদ আরমান (২৯)। আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। আটক মোহাম্মদ আরমান চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার পেন্ডাইর পাড়া (উত্তর পদুয়া) গ্রামের মনির আহমদের পুত্র।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মোঃ আলমগীর হোসেন শিমুল আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানায় আজ বুধবার বেলা পৌনে দুই টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ০২৩৬) নম্বরের উড়োজাহাজটি সিলেট হয়ে ঢাকায় এসে অবতরণ করেন। আর ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় আসেন মোহাম্মদ আরমান(২৯) নামে এক যাত্রী । গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ২ টার দিকে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ র্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের সদস্যরা। পরবর্তিতে তার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ওয়েস্ট ব্যান্ড থেকে বিশেষ কায়দায় লুকানো ২০ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণ বারের ওজন ১০ তোলা এবং তার মোট ওজন দুই কেজি তিনশত বিশ গ্রাম। আটককৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
প্রাথমিক জিঞ্জাসাবাদে আটককৃত যাত্রী এপিবিএন পুলিশকে জানান, রুপম নামের এক যাত্রী তাকে এই স্বর্ণ ফ্লাইট চলাকালীন সময়ে দিয়েছে বলে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এপিবিএন পুলিশের এই কর্মকর্তা।






