শাহজালাল বিমানবন্দরে ৯৬৯ পিস ইয়াবাসহ এক বিমানযাত্রী আটক

0
152
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৬৯ পিস ইয়াবাসহ এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।আটক ব্যক্তি মোঃ নবী হোসেন (৪৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। বিমানযাত্রী বেশে পায়ুপথে ইয়াবা পরিবহনকালে তাকে আটক করা হয়।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গতকাল রোববার (২৮ ডিসেম্বর, ২০২৫) দুপুরে নভোএয়ারের অভ্যন্তরীণ ফ্লাইট (VQ922) যোগে কক্সবাজার থেকে ঢাকায় আসার পর গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিংয়ের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পায়ুপথে সুকৌশলে ইয়াবা বহন করছেন বলে স্বীকার করেন।
বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে তিনটি ডিম্বাকৃতির বস্তু শনাক্ত করা হয়।পরবর্তীতে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপ মোড়ানো অবস্থায় তিনটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো খুলে মোট ৯৬৯ (নয়শত ঊনসত্তর) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোঃ নবী হোসেন দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, বিমানবন্দরকে কেন্দ্র করে মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমরা সর্বদা সচেষ্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সংঘটিত সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here