
ডেইলি গাজীপুর প্রতিবেদক : ১৯ মার্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য বিশেষ কিছু দায়িত্ব সেনাবাহিনীকে অর্পণ করা হয়েছে। যেসকল দায়িত্বগুলো সেনাবাহিনীকে অর্পণ করা হয়েছে, তাঁর মধ্যে রয়েছে- দুটি কোয়ারেন্টাইন সেন্টার পরিচালনা করবে সেনাবাহিনী।
এগুলোর মধ্যে রয়েছে- বিমানবন্দর সংলগ্ন হাজী ক্যাম্প এবং উত্তরা দিয়াবাড়ি সেক্টর ১৮ সংলগ্ন রাজউক এপার্টমেন্ট প্রকল্প। এই দুটি স্থানেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুটি কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে। এই কর্মসূচীর অংশ হিসেবে বিদেশ থেকে যারাই আসবে তাঁদের প্রয়োজনীয় স্ক্রিনিং সম্পন্ন করে স্বাস্থ্য মন্ত্রণালয় যাদেরকে চিহ্নিত করবেন, তাদেরকে বিমানবন্দরের প্রয়োজনীয় ইমিগ্রেশন শেষ করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের পরে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এসকল যাত্রীদের বিমানবন্দর থেকে সরাসরি কোয়ারেন্টাইন সেন্টারে স্থানান্তর করা হবে এবং এখানে তাঁদের ডিজিটাল ডাটা এন্ট্রির কাজ সম্পূর্ণ করা হবে। কোয়ারেন্টাইন থাকাকালীন সময়ে তাঁদের খাওয়া-দাওয়া, বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য আনুষাঙ্গিক সেবা প্রদান করবে। এই কর্মসূচী বাস্তবায়নের জন্য সেনাবাহিনীকে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধিদপ্তর প্রয়োজনীয় সাহায্য করবে।
উল্লেখ্য, ইতিমধ্যে আশকোনা এবং উত্তরার দিয়াবাড়ির কোয়ারেন্টাইন সেন্টারের দুটি নিয়ন্ত্রণ কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও যদি প্রয়োজন হয়, তাহলে সেনাবাহিনীকে করোনা মোকাবেলার জন্য আরো দায়িত্ব দেয়া হবে বলে জানা গেছে। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের গৌরব এবং অহংকারের নাম। বিভিন্ন দূর্যোগ-দুর্বিপাকে সেনাবাহিনী সবসময় সাহসী এবং বলিষ্ঠ ভূমিকা পালন করে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। এখনও বাংলাদেশের জনগণের সবথেকে আস্থার প্রতিষ্ঠান হলো দেশের সশস্ত্র বাহিনী।
শুধু বাংলাদেশে নয়, বিশ্বের শান্তি মিশনেও বাংলাদেশের সশস্ত্র বাহিনী গৌরবজ্জ্বল ভূমিকা পালন করেছে। বিশ্বের শীর্ষ শান্তিরক্ষী বাহিনীতেও বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যাই সবথেকে বেশি এবং বাংলাদেশের সেনাবাহিনী সবথেকে প্রশিক্ষিত। বিশ্বের শান্তি মিশনগুলোতে সেনাবাহিনী এই ধরনের কাজগুলোই করে থাকে। কাজেই বাংলাদেশের করোনা মোকাবেলায় সেনাবাহিনীকে মোতায়েন করা একটি ইতিবাচক সিদ্ধান্ত বলে সাধারণ মানুষ মনে করছে।
এর আগেও বিভিন্ন বন্যা, সাইক্লোন, ঘূর্নিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছিল এবং সেনাবাহিনী সেই দায়িত্ব সফলভাবে পালন করেছিল। এছাড়াও ২০০১ সালে দেশপরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় রমজান মাসের যানজট মোকাবেলায় সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছিল এবং সেই দায়িত্বও সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে সেই দায়িত্ব পালন করেছিল।
সেনাবাহিনীকে দেয়ার ফলে জনমনে স্বস্তি হবার প্রধান কারণ হলো- প্রথমত, জনগণ মনে করে যে সেনাবাহিনী কারও প্রতি অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে কোন সিদ্ধান্ত নেয় না; বরং নিয়ম-নীতি অনুযায়ী নির্মোহভাবে কাজ করে।
দ্বিতীয়ত, সিভিল প্রশাসন বা অন্য বাহিনীর লোকজনের নির্দেশনা সাধারণ মানুষরা শুনতে চায়না, নির্দেশ অমান্য করতে চায়। কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে সাধারণত তেমনটি করেনা।
তৃতীয়ত, বাংলাদেশ সেনাবাহিনীর একটি সুন্দর ইমেজ রয়েছে যে, তাঁরা সৎ-নির্ভীক এবং দেশপ্রেমিক। তাই তাঁদের উপরে সাধারণ মানুষের আস্থা আর বিশ্বাস বেশি।
সাধারণ মানুষ অনেকেই মনে করছে যে, যথাযথ সময়ে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। এর ফলে বাংলাদেশ করোনা মোকেবেলার ক্ষেত্রে একটি বড় ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করলো বলে মনে করছে। জানা গেছে যে, প্রয়োজন হলে সেনাবাহিনীকে করোনা মোকেবেলার ক্ষেত্রে আরো কাজে লাগানো হতে পারে। কারণ আমাদের সেনাবাহিনী হলো আমাদের দেশমাতৃকার সম্মান এবং আমাদের গৌরব আর সম্মানের প্রতীক।






