
এস,এম,মনির হোসেন জীবন : করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সৌদি আরব ফেরত এক বৃদ্ধ দম্পতিকে রাজধানীর রাজধানীর উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর।
এছাড়া সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুর ফেরত এক বাংলাদেশি শিশুসহ তিনজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়।
আজ মঙ্গলবার বিকেল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দিবাগত ভোর রাতে সৌদি আরব থেকে একটি ফ্লাইটে করে তারা বাংলাদেশে আসেন। তাদের শরীরের তাপমাত্রা বেশি এবং শ্বাসকষ্ট থাকায় তাদের করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। তারা বয়স্ক দম্পতি। একজন পুরুষ আর একজন মহিলা রয়েছেন।
গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান আরও বলেন, এর আগে গত সোমবার সকালে স্পেন ও ইতালি থেকে দুইজন এবং বিকেলে সিঙ্গাপুর,থেকে আসা তিনজনকে করোনোভাইরাস সন্দেহে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত জানতে শাহজালাল বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রনালয়ের হেল্পডেস্ক এ যোগাযোগ করার জন্য তিনি আহবান জানান।
শাহজালাল বিমানবন্দর সুত্রে জানা যায়, সম্প্রতি ওই দম্পতি সৌদি আরব প্রবাসী ছেলের কাছে বেড়াতে যান। এর কিছুদিন আগে তাদের ছেলে চাকরির সুবাদে চীন সফর করেছিলেন। তারা সৌদি আরব যাওয়ার পর থেকে তাদের শ্বাসকষ্ট শুরু হয়। তাদের ছেলে যেহেতু সম্প্রতি চীনে গিয়েছিলেন এবং ওই দম্পতি তাদের ছেলের সংস্পর্শে ছিলেন, তাই তারা করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন সন্দেহে তাদের হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।
অপর দিকে, গত সোমবার সন্ধ্যায় শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়ায় সিঙ্গাপুর ফেরত এক বাংলাদেশি শিশুসহ তিনজনকে রাজধানীর উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার শাহজালাল বিমানবন্দরে কর্মরত উর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ইতালি থেকে আসা দুজন ও সিঙ্গাপুর থেকে আসা এক শিশু রয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাস আক্রান্তের উপসর্গ রয়েছে।
তিনি বলেন, ওই শিশু সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সোমবার দেশে ফিরলে বিমানবন্দরে করোনা ভাইরাসের লক্ষণ ধরা পড়ায় হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, গত রোববার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস এক প্রেস ব্রিফিংয়ে জানান, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে দু’জন একই পরিবারের সদস্য। আক্রান্তদের দু’জন ইতালি ফেরত এবং অপরজন ইতালি ফেরত স্বজনের থেকে সংক্রমিত হয়েছেন। আক্রান্ত তিনজনের মধ্যে দু’জন পুরুষ, একজন নারী। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
উল্লেখ যে, গত ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।






