স্বপ্নের পরিধি আকাশচুম্বী, আকাশচুম্বী স্বপ্ন দেখতে হবে

0
139
728×90 Banner

অলিদুর রহমান অলি: “স্বপ্নের পরিধি হচ্ছে আকাশচুম্বী, স্বপ্নের কোনো পরিসীমা হয় না। তোমাদের আকাশচুম্বী স্বপ্ন দেখতে জানতে হবে” মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত সুলতানার স্বপ্ন গ্রন্থপাঠ উৎসবের দ্বিতীয় পর্যায়ের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে সম্প্রতি এসব কথা বলেন গবেষক ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে নারী শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা দীর্ঘদিনের নারী আন্দোলনের ফল। পৃথিবীর মানুষের মধ্যে প্রকৃতপক্ষে কোনো বিভেদ নেই উল্লেখ করে অধ্যাপক রওনক জাহান বলেন, বেগম রোকেয়া ‘সুলতানার স্বপ্ন’-এ যে স্বপ্নের কথা বলেছেন, তা কেবল একটি দেশের নয় সারা বিশ্বের নারীদেরই স্বপ্ন।
ইউনেস্কোর বিশেষ প্রতিনিধি সুজান ভাইস তাঁর বক্তব্যে বলেন, ‘সুলতানার স্বপ্ন বাংলাদেশের ঐতিহ্যের অংশ’। এটি একটি সৃজনশীল রচনা, যা লিঙ্গসমতা, বিজ্ঞান ও কল্পবিজ্ঞানের মাধ্যমে বহুমাত্রিক বার্তা বহন করে। সমতার বিশ্ব গড়ে তুলতে ‘সুলতানার স্বপ্ন’ কীভাবে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই লক্ষ্যেই আজকের এই আয়োজন।
তিনি আরও বলেন, ‘সুলতানার স্বপ্ন’ পঠনসামগ্রী হিসেবে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ জাদুঘর, গ্রন্থাগার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ‘সুলতানার স্বপ্ন’ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। নারী ও পুরুষ‌ উভয়ের জীবনেই নানা বাঁধা রয়েছে উল্লেখ করে সুজান ভাইস বলেন, বেগম রোকেয়া আমাদের দেখিয়ে গেছেন কীভাবে সেই বাঁধা অতিক্রম করে স্বপ্ন দেখতে হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির আহ্বায়ক শাহনেওয়াজ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিনিধি রিফাত জাহান। অভিযাত্রী দলের অভিজ্ঞতা তুলে ধরেন পর্বতারোহী নিশাত মজুমদার এবং উৎসব আয়োজন সম্পর্কে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ব্যবস্থাপক (শিক্ষা ও কর্মসূচি) সত্যজিৎ রায় মজুমদার।
ট্রাস্টি ও সদস্যসচিব মফিদুল হকের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ত্রপা মজুমদার।
অনুষ্ঠানে অধ্যাপক রওনক জাহানের বোন রওশন জাহান সম্পাদিত এবং ১৯৮৮ সালে আমেরিকার ফেমিনিস্ট প্রেস থেকে প্রকাশিত ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থের একটি কপি মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে হস্তান্তর করা হয়।
গ্রন্থপাঠ উৎসবের সমাপনী আয়োজনের উদ্বোধনী পর্ব শেষে অংশগ্রহণকারী গ্রন্থাগার সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাদুঘরের ভাস্কর্য চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পাশাপাশি চিত্রাঙ্কন ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে তারা ‘সুলতানার স্বপ্ন’ তুলে ধরেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শিত ‘পুনর্কল্পনায় সুলতানার স্বপ্ন’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন করেন। বিকেলে পিঠা উৎসবের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here