
ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিয়েছে হানা। বর্তমানে সারাদেশের ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর নাগরিকই করোনা নিয়ে প্রচন্ডভাবে আতঙ্কিত।
করোনাভাইরাস প্রতিরোধে দেশের সকল নাগরিককে আগামী ২৫ থেকে ৩১শে মার্চ পর্যন্ত নিজ নিজ বাসায় অবস্থান করার জন্য আহবান জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কেননা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে এখন করোনা ভাইরাসের ‘ব্রিডিং পিরিয়ড’ চলছে, যার মানে হচ্ছে আগামী ৭ দিন সবচেয়ে বেশী সাবধানতা অবলম্বন করতে হবে সকলকে।
ঝুঁকি এড়াতে এরই মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনীসহ মূল অনুষ্ঠানমালা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। এছাড়াও সকল স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, এইচএসসি পরীক্ষা স্থগিত, জনসমাগম বন্ধসহ দেশের সকল দোকান ও শপিং মল আগামী ২৫ থেকে ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এমনকি ব্যাংকগুলোতে জনসমাগম কমাতে আগামী ৩ মাসের গ্যাস-বিদ্যুতের বিলও জুন মাসে জমা দিতে নির্দেশ দিয়েছে সরকার। এরজন্য কোনরকম বিলম্ব ফি দিতে হবেনা। তবে মুদি দোকান, ঔষধের দোকান এবং সুপারশপসহ নিত্যপন্যের দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে গতকাল নতুন করে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বিষয়টি জানিয়েছে। এতে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭। আর মৃত্যু হয়েছে দুজনের।






