৩ কারখানায় ছুটি ঘোষণা: টঙ্গীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ আহত ১৫

0
193
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :গাজীপুর মহানগরের টঙ্গীর বিসিক শিল্প নগরিতে মঙ্গলবার পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শর্টগানের গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। অপরদিকে শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। উদ্ভুত পরিস্থিতিতে ৩টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা কর্তৃপক্ষ।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত শনিবার বিসিকের টিভলি অ্যাপারেলস লিঃ এর নারী শ্রমিক রিপা আক্তারকে লাঞ্ছিত করেন কারখানার উৎপাদন ব্যবস্থাপক (পিএম) লুৎফর রহমান। এ ঘটনায় পিএম লুৎফরের বিচারের দাবিতে ওই দিনই শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। এসময় শ্রমিকরা কর্তৃপক্ষের নিকট ১২ দফা দাবিনামাও পেশ করেন। কিন্তু কর্তৃপক্ষ কোন সারা না দেওয়ায় গত সোমবারও শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। শ্রমিকরা গতকাল মঙ্গলবার সকালে যথারীতি কারখানায় এসে প্রধান ফটকে ‘নো ওয়ার্ক, নো পে’- বা ‘কাজ নাই, বেতন নাই’ শীর্ষক নোটিশে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের ঘোষণা দেখতে পান। এতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারখাটির বিক্ষুব্ধ শ্রমিকরা আশপাশের কারখানার শ্রমিকদেরকেও উৎপাদন বন্ধ রেখে আন্দোলনে যোগ দিতে রাস্তায় ডেকে আনে। এসময় পাশের রেডিসন গার্মেন্টস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ তাদের শ্রমিকদের বাহিরে যেতে নিষেধ করায় বহিরাগত শ্রমিকরা কারখানাটির ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ বাঁধা দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশ গ্যাসগান ও শর্টগানের গুলি নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পাশের সুমি অ্যাপারেলস লিমিটেড, আর বি এস আর ফ্যাশন লিমিটেড কারখানায় হামলা চালায়। একপর্যায়ে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে বিসিক ফকির মার্কেটে জড়ো হয়ে তিন দিক থেকে পুলিশের ওপর হামলা চালায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পুলিশ ৩০ রাউন্ড শর্টগানের গুলি, ১০ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও ৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের বিসিক এলাকা থেকে হটিয়ে দেয়। পুলিশের ধাওয়া খেয়ে শ্রমিকরা পালিয়ে যাওয়ার পথে বিসিকের পেট্রিয়ট ইকো লিমিটেড কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায়। উদ্ভুত পরিস্থিতিতে সুমি অ্যাপারেলস লিমিটেড, আর বি এস আর ফ্যাশন লিমিটেড ও রেডিসন অ্যাপারেলস লিমিটেড কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
টিভলী অ্যাপারেলস লিমিটেডের পরিচালক মোশারফ হোসেন বলেন, শ্রমিকের সঙ্গে অসদাচরণের অভিযোগের ঘটনার দিনই পিএম লুৎফর রহমানকে অপসারণ করা হয়েছে। কিন্তু এর পরও শ্রমিকরা শ্রম আইন পরিপন্থি কিছু অযৌক্তিক দাবিতে উৎপাদন বন্ধ রাখে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিন) মোহাম্মদ ইলতুৎমিশ জানান, টিভলি অ্যাপারেলসের শ্রমিকরা উত্তেজিত হয়ে অন্যান্য কারখানায়ও ভাংচুর চালিয়েছে। এতে পুলিশ বাঁধা দিলে শ্রমিকরা পুলিশের ওপরও চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ ও জিএমপি পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। শ্রমিকদের ইটপাটকেলে পুলিশের ৫ জন সদস্য আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here