
ডেইলি গাজীপুর প্রতিবেদক : র্যাবের অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকা হতে মাস্ক, স্যানিটাইজার পরিবহনের জন্য মুভমেন্ট পাস ব্যবহার করে হেরোইন পরিবহনের সময় ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করেছে।
র্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, মাদক ব্যবসায়ীদের একটি চক্রের কতিপয় সদস্য মাদকের একটি বড় চালান নিয়ে সীমান্ত এলাকা হতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট হস্তান্তরের উদ্দেশ্যে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ২২ এপ্রিল র্যাব-২ এর আভিযানিক দল রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন টাউনহল মার্কেটের সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট স্থাপন করে আন্তঃ জেলা মাদক কারবারী চক্রের সদস্য মোঃ সৌমিক আহম্মেদ সিদ্দিকী (৪২), পিতাঃ মৃত হারুন আর রশিদ সিদ্দিকি’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বর্তমানে করোনা পরিস্থিতিতে মাস্কের ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা থাকায় মাস্ক/ স্যানিটাইজার সাপ্লাইয়ের মুভমেন্ট পাস নিয়ে তার অন্তরালে সে দেশের বিভিন্ন এলাকা হতে মাদক বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীর বিভিন্ন মাদক কারবারীদের নিকট হস্তান্তর করে। গ্রেফতারকৃত আসামী দীর্ঘ দিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদক ক্রয় করে সুকৌশলে ঢাকায় নিয়ে এসে সরবরাহ ও বিক্রয় করে আসছিল।






