

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনে এবং ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।
আজ শনিবার (৩ জানুয়ারি,২০২৬) সকাল ১০টা ২৫ মিনিটে তারেক রহমান ও ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র দু’টি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। এছাড়া বগুড়া-৬ (সদর) আসনে
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এই আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
জামায়াত আমিরের মনোনয়ন বৈধ ঘোষণা
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (৩ জানুয়ারি,২০২৬) ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এর আগে ২৫ ডিসেম্বর জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানী ঢাকার আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জামায়াত আমিরের পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
দেশে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির এই এয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ২০২৫ সালের ২৯ ডিসেম্বর।






