

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম আশিষ জোয়াদ্দার (৩২)। সে মাগুরা সদরের পাতুরিয়া গ্রামের অমল জোয়াদ্দারের ছেলে। তিনি পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
শনিবার (২০ ডিসেম্বর, ২০২৫) দিবাগত রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আশিষ জোয়াদ্দারকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আল আমিন জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে আড়তের পাশ দিয়ে যাচ্ছিল ওই ব্যবসায়ী। এ সময় ২ থেকে ৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে দাঁড়ায় এবং ছুরি দিয়ে আঘাত করে। ওই ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা তার কাছ থেকে কোনো কিছু নিতে না পেরে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক আশিষ জোয়াদ্দারকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (ওসি) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এবিষয়টি ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।






