

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে রাজধানীর কুড়িলের বিশ্বরোডের ৩০০ ফুটে সংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন তিনি। অন্যদিকে, বিমানবন্দর থেকে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর,২০২৫ ) দুপুর ১২টা ৫৭ মিনিটে জোবাইদা রহমান ও জাইমা রহমান গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে প্রবেশ করেন। এ সময় হাত নেড়ে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা জানান জাইমা রহমান।
১৯৬ নম্বর বাড়িটির অবস্থান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজার পাশে। সেখানে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মোতায়েন করা হয়েছে। আশপাশের রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
এর আগে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানা গেছে, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান তার জন্য বিশেষভাবে প্রস্তুত করা একটি লাল রঙের সুরক্ষিত বাসে চড়েন। বাসের দুই পাশে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের বিশালাকার প্রতিকৃতি অঙ্কিত রয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে বাসের জানালাগুলো বিশেষ বুলেটপ্রুফ বা গুলিনিরোধক কাচ দিয়ে আবৃত করা হয়েছে। বিমানবন্দর থেকে তারেক রহমান এখন এই বাসে চড়েই সরাসরি রওনা হয়েছেন পূর্বাচলের ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফুট) সংলগ্ন গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশে। সেখানে সমবেত লাখো জনতার উদ্দেশে তিনি তার ঐতিহাসিক প্রত্যাবর্তন ভাষণ দেবেন। ভাষণ শেষে তার পরবর্তী গন্তব্য রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল। সেখানে তিনি দীর্ঘ সময় ধরে চিকিৎসাধীন তার মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। মা-ছেলের এই পুনর্মিলন শেষে তিনি গুলশানের বাসভবনে ফিরবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে বিমানবন্দরের বাইরের সড়কে নেতাকর্মীদের যে অভূতপূর্ব ভিড় তৈরি হয়েছে, তাতে বাসটি অত্যন্ত ধীরগতিতে অগ্রসর হচ্ছে। পুরো এলাকা এখন ‘তারেক রহমানময়’ এক জনসমুদ্রে পরিণত হয়েছে।
এর আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হওয়া বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-২০২) নম্বরের ফ্লাইটটি আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করে বেলা ১১টা ৪ মিনিটে বিমানটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।






