রাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক ঈশা

0
56
728×90 Banner

মোঃ সোহেল রানা রাজশাহী: রাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এরশাদ আলী ঈশা। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিসহ ছয় সিটিতে এবং গত ১৪ মার্চ আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর পরেই জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় প্রভাবশালী ও জনসম্পৃক্ত নেতাদের।
রাজশাহীতে প্রবীণ নেতা এরশাদ আলী ঈশা’র প্রশাসকের খবরে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে রাজশাহীর রাজনীতিতে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজশাহীর রাজনীতিতে সক্রিয় ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত এরশাদ আলী ঈশা। দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজনৈতিক প্রতিকূল সময়েও তিনি দলের কর্মসূচি বাস্তবায়নে মাঠে সক্রিয় ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তার এই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণেই তাকে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই।
নতুন দায়িত্ব পাওয়ার খবরে রাজশাহীর বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিতে দেখা গেছে অনেককে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ব্যানার ও পোস্টার টানানোর প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।
রাজশাহী জেলা বিএনপির কয়েকজন নেতা বলেন, এরশাদ আলী ঈশা একজন সৎ, দক্ষ ও কর্মীবান্ধব নেতা। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ায় এখন তিনি রাজশাহীর সার্বিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।
নগরীর সুশীল সমাজের প্রতিনিধিরাও এই নিয়োগকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, স্থানীয় সরকার ব্যবস্থায় দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব থাকলে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয়। তারা আশা করছেন, নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে এরশাদ আলী ঈশা স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেবেন।
রাজশাহীর কয়েকজন শিক্ষাবিদ ও সামাজিক সংগঠনের প্রতিনিধি বলেন, জেলা পরিষদ জেলার উন্নয়ন কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সহায়তা, সামাজিক উন্নয়নসহ নানা প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই নতুন প্রশাসক হিসেবে তিনি জেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেবেন এমন প্রত্যাশা সবার।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এরশাদ আলী ঈশা বলেন, “আমি এই দায়িত্বকে সম্মান ও দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করছি। রাজশাহীর সার্বিক উন্নয়ন, মানুষের কল্যাণ এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। সকলের সহযোগিতা নিয়ে জেলা পরিষদকে জনগণের কল্যাণে আরও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, রাজশাহীর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহায়তা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে এরশাদ আলী ঈশা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী এ শুভেচ্ছা জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here