

মনির হোসেন জীবন, স্পেশাল করেসপন্ডেন্ট : ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকার ফুটপাত জুড়ে প্রায় চার শতাধিক চাঁদাবাজ সক্রিয় রয়েছে । চাঁদাবাজ সিন্ডিকেটের সদস্যরা ফুটপাতের ব্যবসায়ীদের কাছে লাইনম্যান হিসাবেই পরিচিত। এই লাইনম্যানরা লক্ষাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে দিনে ৫০-৩০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে। ঢাকা নগরীতে প্রায় দেড় লাখের বেশি হকার রয়েছে। এ হিসাবে দিনে কম করে হলেও কোটি কোটি টাকার চাঁদা আদায় করা হয়। মাসে কিংবা বছরে চাঁদার আনুমানিক হার দাঁড়ায় কয়েক হাজার কোটি টাকা। রাজধানীতে ঈদকে কেন্দ্র করে একশ্রেণির ফুটপাত ও পরিবহন চাঁদাবাজদের উৎপাত অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। একাধিক শক্তিশালী সিন্ডিকেট চক্র নগরীর ফুটপাত, মার্কেট, সড়ক মহাসড়ক, বাসস্ট্যান্ড, রেললাইন, লঞ্চঘাট, কাঁচাবাজার, রেলস্টেশন কিংবা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে সেখান থেকে প্রতি মাসে প্রভাব বিস্তার করে কৌশলে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এছাড়া সংসদীয় ঢাকার বিশটি আসনের ফুটপাত ঘিরে সক্রিয় প্রায় চার শতাধিক চাঁদাবাজ চক্র। সড়ক কিংবা বাসস্ট্যান্ড জুড়ে রয়েছে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এছাড়া উত্তরার সড়ক-ফুটপাত হকারদের দখলে রয়েছে। বলতে গেলে কোনো জায়গা খালি নেই এবং কোথাও পা ফেলার জায়গাটুকু নেই। এমন অভিযোগ ব্যবসায়ী, পরিবহন শ্রমিক – ব্যবসায়ী ও ভুক্তভোগীদের। এতে করে সড়কগুলোতে পথচারী যানবাহন চালকরা চরম ভোগান্তিতে রয়েছে। এসব খাত থেকে
অবৈধ পন্থায় কোটি কোটি টাকা আদায় করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ফলে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ টাকা রাজস্ব হারাচ্ছে। খবর সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্রের।
ভুক্তভোগীদের একটি সূত্র জানায়, সরকার ও বিরোধী দলীয় কতিপয় রাজনৈতিক নেতা এবং কিছু দাগি সন্ত্রাসীসহ ৩/৪ শতাধিক ব্যক্তি এসব লাইনম্যান নিয়ন্ত্রণ করছেন। এ ছাড়া প্রতিটি এলাকায়ই সংশ্লিষ্ট এলাকার পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদা তোলা হয়। ফুটপাতের ব্যবসায়ীরা বলছেন, চাঁদা না দিলে ব্যবসা করা যায় না। মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে চাঁদাবাজরা ধরা পড়লেও আইনের ফাঁক গলে জামিনে বেরিয়ে আসে। আবার শুরু করে চাঁদাবাজি। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ হকার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির এক নেতা এ প্রতিবেদককে বলেন, রাজধানীতে প্রায় দেড় লাখের বেশি হকার রয়েছে। লাইনম্যান নামধারী চাঁদাবাজরা তাদের রক্ত চুষে খাচ্ছে। আমরা কিছুই করতে পারছি না। এসব চাঁদাবাজকে স্থানীয় কতিপয় রাজনৈতিক নেতা এবং পুলিশ শেল্টার দেয়। স্থানভেদে ৫০ থেকে শুরু করে ৮০, ১০০, ১৫০, ২০০, ৩০০, ৫০০ টাকা চাঁদা দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি দিতে বাধ্য করা হয়। তিনি আরো বলেন, গড়ে ২০০টাকা করে চাঁদা হিসাব করলেও দিনে ২ কোটি টাকা চাঁদা ওঠে। আর মাসে এ অঙ্ক দাঁড়ায় ৬০ কোটিতে। তার মতে, মাসে এ হিসাবের দ্বিগুণ চাঁদা আদায় হয়। চাঁদাবাজ দমন করে সরকার যদি এ টাকা নিত, তবে বছরে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হতো। হকার্স ফেডারেশন ও ফুটপাতের একাধিক ব্যবসায়ী এ প্রতিবেদককে বলেন, ঈদ মৌসুমে ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন স্থানে প্রশাসনের সহযোগিতায় সারিসারি দোকানপাট বসানো হয়। বনিবনা কিংবা দেনদরবার না মিললে অনেক সময় সংশ্লিষ্ট থানা পুলিশ ফুটপাতে লোক দেখানো অভিযান চালায়। অনেক সময় নামমাত্র চাঁদাবাজদের আটকও করে কিন্তু পরবর্তীতে তারা জামিনে বেরিয়ে এসে আবারও চাঁদাবাজিতে বীরদর্পে নামে। ঢাকা উত্তর ও দক্ষিণ (দুই সিটি) করপোরেশন যদি প্রকৃত হকারদের কাছে ফুটপাত ইজারা দিত, তাহলে এমন অবস্থা সৃষ্টি হতো না।
তথ্য অনুসন্ধান, ভুক্তভোগী, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শুধু ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে এমন গডফাদার মূল হতো গুলিস্তান এলাকায় রয়েছে ৮/১০জন , সদরঘাটে ৪/৫ জন, নীলক্ষেত -নিউমার্কেটে ৬/৭, মতিঝিলে ৭/৮জন, তেজগাঁও -ফার্মগেইট এলাকায় ৯/১০, মিরপুর-১, ২ ও ১০ এলাকায় রয়েছে ৪/৬ নম্বরে দুই, মগবাজার, বাড্ডা, মালিবাগে ৬/৭ জন, বিশ্বরোড -কুড়িল, পূর্বাচলসহ উত্তরায় ৮/১০ জন রয়েছেন। একটি সূত্র জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ৭২ জনকে আসামি করে ৩ থানায় তিনটি মামলা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সহকারী সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ সামসুল আলম। মতিঝিল থানায় ১৬ জন, পল্টন থানায় ৪৯ জন এবং শাহবাগ থানায় সাতজনকে আসামি করে মামলা তিনটি হয়।
এসব মামলার আসামিরা এখনো চাঁদাবাজিতে জড়িত আছে বলে অভিযোগ উঠেছে। নাম-পরিচয় গোপন রাখার শর্তে একাধিক ব্যবসায়ী এ প্রতিবেদককে বলেন, নগরীর হকারদের রক্ত চুষতে চুষতে অনেকেই গাড়ি বাড়ি এমনকি অট্টালিকা তৈরি করছেন। চাঁদাবাজদের চাঁদা না দিলে ব্যবসা করা যায় না। এর বিরুদ্ধে কথা বললে ব্যবসা করা সম্ভব নয়। মতিঝিল ও গুলিস্তান এলাকার হকাররা অভিযোগ করে বলেন, এখানে চাঁদা দিয়েই ব্যবসা করি। ব্যবসা না করলে খাব কী? গুলিস্তান হকার্স, গাউছিয়া, নিউমার্কেট, নীলক্ষেত, খিলগাঁও তালতলা, মিরপুর শাহ আলী, ১ নম্বর, গুলশান-১ ও ২, মিরপুরের মুক্তিযোদ্ধা সুপার, মুক্তবাংলা, পুরান ঢাকার, কমলাপুর, উত্তরার আজমপুর, রাজলক্ষ্মী, আব্দুল্লাহপুর, তুরাগ, টঙ্গী ফুটপাতের ব্যবসায়ীরাও একই রকম তথ্য দেন। এ প্রসঙ্গে একাধিক পুলিশ কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ফুটপাতের চাঁদাবাজরা অনেকটাই কোণঠাসা। আমরা ফুটপাত হকার এবং চাঁদাবাজমুক্ত রাখতে অভিযান চালাচ্ছি। চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশ অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে থাকে।
অপরদিকে রাজধানীর উত্তরা এলাকার বিভিন্ন সেক্টরের ফুটপাত ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট ও বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এসব অবৈধ দখলদার সিন্ডিকেট আগের চেয়ে আরো বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। সড়কের একপাশ দখল করে ভ্রাম্যমাণ দোকান বসানো এবং রিকশা ও অটোরিকশা দাঁড় করিয়ে রাখার কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আসন্ন ঈদের আগে প্রতিদিনই দিবারাত্রি সড়ক গুলোতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং এতে করে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। খবর সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্ত তথ্য সূত্রের। গেল শুক্রবার, শনিবার ও রোববার তিনদিন ঢাকা -১৮ আসনের বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে দেখা যায়, উত্তরার ফুটপাত ও বিভিন্ন সেক্টরের সড়কগুলো দখল করে গড়ে উঠেছে অবৈধ লেগুনা স্ট্যান্ড, অটোরিকশা স্ট্যান্ড, কাপড়ের দোকান, জুতার দোকান, সারি সারি রেন্ট-এ-কার অফিস, চা-পান, বিড়ি-সিগারেটের দোকান, মাছ, সবজি ও ফলের দোকানসহ বিভিন্ন খাবারের দোকান ইত্যাদি । পাশাপাশি এলোমেলোভাবে যানবাহন পার্কিং করার কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, বিমানবন্দর মহাসড়কসহ উত্তরার সেক্টর এলাকার সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়ছেন সেক্টরবাসী, পথচারী, রিকশার যাত্রী এবং ব্যক্তিগত গাড়ির মালিকরা। একসময় এসব ফুটপাত ও ওয়াকওয়ে দখল করে অবৈধ দোকানপাট গড়ে উঠলেও বর্তমানে সড়কের বড় অংশ দখল করে চলছে এসব অবৈধ ব্যবসা। অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলোতে ব্যবহার করা হচ্ছে- অবৈধ বিদ্যুৎ সংযোগ। এতে করে সরকার প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে এবং ক্ষতির আশঙ্কা রয়েছে। উত্তরার বিভিন্ন সেক্টরের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যত্রতত্র গাড়ি পার্কিং, এতে সরকারের প্রতি মাসেট ফুটপাত পাথ দখল করে দোকান বসানো এবং সড়কের মোড়ে মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড থাকার কারণে সারাদিনই সেক্টরের সড়কগুলোতে যানজট লেগে থাকে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এদিকে সোমবার দুপুরের পর থেকে ঢাকা -১৮ আসনের বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে এবং বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, উত্তরা আজমপুর, বিমানবন্দর এলাকা, খিলখেত, রাজলক্ষ্মী, জসিমউদ্দিন, হাউজবিল্ডিং, খালপাড়, দিয়াবাড়ী, জমজম টাওয়ার, তুরাগের কামারপাড়া, আব্দুল্লাহপুর চৌরাস্তা এবং বেড়িবাঁধ এলাকার ফুটপাত দখল করে সারি সারি দোকান বসানো হয়েছে। ফলে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করছেন। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। উত্তরা হাউজবিল্ডিং এলাকার মাসকট প্লাজার পেছনের সড়কে শত শত অবৈধ দোকানপাট এমনভাবে সড়ক দখল করে রেখেছে সেখানে হাঁটাচলাই প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া আজমপুর থেকে রাজলক্ষ্মী সড়কজুড়ে হাজার হাজার অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। আজমপুর নওয়াব হাবিবুল্লাহ স্কুল কলেজের সামনের সড়ক দখল করে চলছে হকারদের রমরমা ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই কয়েক মাস ধরে এসব দোকানপাট গড়ে উঠলেও এ সব বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
উত্তরার রাজলক্ষ্মী থেকে আজমপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশের আধা কিলোমিটার অংশের ফুটপাত দখল করে ব্যবসা করছেন ভ্রাম্যমাণ দোকানিরা। এ কারণে পথচারীরা
হচ্ছে প্যান্ট, শার্ট, গেঞ্জি, লুঙ্গি, পাঞ্জাবি, পায়জামা, থ্রি-পিসসহ শিশুদের জামাকাপড়। উত্তরায় ফুটপাত দখল করে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা আছে মেয়েদের ভ্যানিটি ব্যাগ, অলংকার, জুতা। বেল্ট ও হাতঘড়ির ভ্রাম্যমাণ দোকানও আছে সেখানে। ফুটপাতে দোকান বসানোর কারণে পথচারীরা মূল সড়ক দিয়ে চলাচল করছে। এতে সৃষ্টি হচ্ছে যানজটের। সরেজমিনে ঘুরে দেখা যায়, গাড়ি পার্কিংয়ের কারণে রিকশা লেনের অর্ধেক বন্ধ হয়ে গেছে। বাকি অর্ধেক অংশ দিয়ে দুই দিকে যানবাহন চলছে। তবে ওই অংশটুকু দিয়ে একসঙ্গে দু’টি গাড়ি চলাচল করতে পারছে না।
এ বিষয়ে বিমানবন্দর, জসিমউদ্দিন, জমজম টাওয়ার, আজমপুর ও আব্দুল্লাহপুর এলাকার ট্রাফিক পুলিশের সদস্যরা এ প্রতিবেদককে জানান, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়মিত কাজ করছে। বিশেষ করে ফুটপাত হকারমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হয়। তবে উচ্ছেদের পর অনেক সময় হকাররা আবারও সেখানে বসে পড়ে। উত্তরার আব্দুল্লাহপুর, আজমপুর, বিমানবন্দর ট্রাফিক বক্সের কয়েকজন ট্রাফিক ইন্সপেক্টর সাংবাদিকদের বলেন, সেক্টর এলাকার সড়কগুলো যানজটমুক্ত রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, বাড়ির মালিক এবং পরিবহন মালিকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এবিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, রাজলক্ষ্মী থেকে আজমপুরের ফুটপাত দখল করে রাখার বিষয়ে তিনি অবগত না। তবে আসন্ন ঈদুল ফিতরের (ঈদ)কে সামনে রেখে মৌসুমি হকারের সংখ্যা বাড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।






