রাজধানীতে খাদ্যে বিষক্রিয়ায় দুই সহোদর শিশু ভাই বোনের মৃত্যু

0
178
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজার ওয়ারলেস মোড় এলাকায় দুই সহোদর শিশু ভাই- বোনের মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো— আফরিদা চৌধুরী (১০) ও তার ছোট ভাই ইলহাম চৌধুরী (১)। তাদের বাবার নাম মোসলেউদ্দিন চৌধুরী। একই খাবার খেয়ে তাদের বাবা মাও অসুস্থ হন। তবে তারা চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন।
নিহতের পরিবার ও পুলিশ বলছে, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়। বর্তমানে মগবাজার ওয়ারলেস মোড়ে ৯১ নম্বর এসএইচএস টাওয়ারে একটি বাসায় থাকেন তারা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, খাদ্যের বিষক্রিয়ায় শিশুরা মারা গেছে।
আজ রোববার (২১ ডিসেম্বর, ২০২৫) সকালে ময়নাতদন্তের জন্য লাশ দু’টি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এরআগে শনিরার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মগবাজার ওয়ারলেস মোড়ে ৯১ নম্বর এসএইচএস টাওয়ারে একটি বাসায থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ও ঢামেক পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় দুই শিশু সন্তানসহ তাদের বাবা মা খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে মেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় মগবাজারস্হ রাশমনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শনিবার সকাল ৭টার দিকে চিকিৎসক মেয়ে আফরিদা চৌধুরী (১০)কে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পরিবার যখন তার লাশ বাসায় নিয়ে আসে এরপর ছেলেটিও বমি করা শুরু করে। পরে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছেলে শিশু ইলহাম চৌধুরী (১)। খবর পেয়ে পুলিশ ওই বাসার নিচে গ্যারেজে থাকা ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এদিকে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া বলেন, খবর পেয়ে শনিবার রাতে ওই বাসার নিচে ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আজ রোববার (২১ ডিসেম্বর, ২০২৫) সকাল পৌনে ১১টার দিকে লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের শরীরে কোনো রকমের জখমের চিহ্ন পাওয়া যায়নি।
এসআই সুমন আরো বলেন, একই খাবার খেয়ে তাদের বাবা মাও অসুস্থ হন। তবে তারা চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যের বিষক্রিয়ার কারণে শিশু দুটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ওই খাবার তারা বাসায় রান্না করেছিলেন নাকি বাইরে থেকে কিনে এনেছিলেন তা এখনো জানতে পারিনি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here