
এস.এম.মনির হোসেন জীবন : রাজধানীর সন্নিকটে গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ড এলাকার সাধারণ মানুষকে ঘর থেকে বাইরে বের হওয়া ও অন্য এলাকা থেকে নগরীতে প্রবেশ করতে নিষেধ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম।
আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরীর চৌরাস্তায় গনমাধ্যম কর্মীদের সাথে এক প্রেসব্রিফিংয়ে গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।
মেয়র জাহাঙ্গীর আলম সাংবাদিকদেরকে বলেন, গাজীপুর মহানগর এলাকায় বিপুল সংখ্যক শিল্প কলকারখানা রয়েছে। এসব শিল্প প্রতিষ্ঠানে লাখ লাখ শ্রমিক চাকরি করেন। এজন্য এখানে করোনা ভাইরাসের বিস্তারের একটি ঝুঁকি রয়েছে। তাছাড়া রাজধানী ঢাকায় প্রবেশ ও বাইরে আসার ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। তাই সবদিক বিবেচনায় ঢাকার সন্নিকটে গাজীপুরে করোনা ভাইরাস ঠেকাতে আমাদের নগরবাসীকেও ঘরে থাকতে হবে। বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে যেতে পারবে না।
তিনি আরও বলেন, আগামীকাল বুধবার থেকে গাজীপুর মহানগরী এলাকায় সকল পোশাক কারখানা বন্ধ থাকবে। শ্রমিকরা যাতে ঘরের বাইরে এসে জড়ো হতে না পারে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি গনমাধ্যম কর্মীদেরকে বলেন, করোনা ভাইরাস এর বিস্তার ঠেকাতে ও সংক্রমণ থেকে মহানগরে বসবাসকারী নাগরিকদের সুরক্ষার লক্ষ্যে এই ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।
এদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন আজ বলেন, গাজীপুর মহানগরীতে প্রবেশের ১০টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। ইতোমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী-কালীগঞ্জ মহাসড়ক, কাশিমপুর এলাকায়, বাড়ীয়া এলাকা, টঙ্গীর কামারপাড়াসহ ১০টি পয়েন্টে পুলিশ তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, জরুরি সেবার যানবাহন ছাড়া গাজীপুর থেকে কোনো যানবাহন যাতে রাজধানীতে ঢুকতে না পারে এবং অন্য কোন জেলা থেকেও গাজীপুরে ঢুকতে না পারে সেজন্য এসব পয়েন্টে তল্লাশি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।






