
ডেইলি গাজীপুর প্রতিবেদক: শুক্রবার দুপুরে টঙ্গীর দক্ষিণ আউচপাড়া বটতলা এলাকায় পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এরা হচ্ছে-মোফাজ্জল হোসেনের ছেলে মামুনুর রশিদ (১০), জাহাঙ্গীর আলমের কন্যা টুনি আক্তার (৮)।

নিহতরা পুকুরের পাশের বাড়িতে বসবাস করতো। স্থানীয় অলিউর রহমান অলি নামে এক ব্যক্তি জানান, জুম্মার নামাজের সময় ওই দুই স্কুল শিক্ষার্থী সবার অজান্তে পুকুর ঘাটে বসে গোসল করতে থাকে। এক পর্যায়ে তাদেরকে পুকুর ঘাটে দেখতে না পেয়ে স্থানীয় লোকজন ও তাদের আত্মীয়স্বজনরা খোজাখুজি শুরু করে। পুকুরে নেমে খোজাখুজির এক পর্যায়ে ডুবন্ত অবস্থায় দুজনের লাশ উদ্ধার করা হয়। অলিউর রহমান অলি আরো জানান, নিহত মামুনুর রশিদের দেশের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার রগুনাথপুর গ্রামে। টুনি আক্তারের দেশের বাড়ি নেত্রকোনা জেলায়। তারা স্থানীয় লুৎফর এবং লতিফের বাড়ির ভাড়া বাসায় থাকতো। দুই স্কুল শিক্ষার্থীর পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় তাদের সহপাটি ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।






