
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে এক শ্রমিক নেতার বিদায় অনুষ্ঠানে শ্রমিক ও মালিকপক্ষ উভয়েই কেঁদেছেন। মঙ্গলবার বিকেলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাত বার নির্বাচিত সভাপতি গাজীউর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ব্যবস্থাপনা কতৃপক্ষ যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অধিকাংশই বক্তাই আবেগে কান্না ধরে রাখতে পারেননি। দীর্ঘ চাকরি জীবন শেষে বিদায় নেওয়ার সময় সিবিএ সভাপতি গাজীউর রহমান অনুষ্ঠানে মাইক হাতে নিয়েই বাকরুদ্ধ হয়ে যান। তিনি সহকর্মীদের কাছে ভুলত্রæটির জন্য ক্ষমা চেয়ে অজোরে কেঁদেছেন। তার সাথে কেঁদেছেন প্রিয় সহকর্মীরাও। এসময় আদর্শবান এই শ্রমিক নেতার বিধায় সংবর্ধনার অনুষ্ঠান যেন শোক অনুষ্ঠানে পরিণত হয়।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং কারখানার প্রডাকশন সুপারভাইজার হাবীবুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য দেন, কারখানার পরিচালক এ.আর এম জাহিদুর রহমান, জিএম (এইচআর) বিগ্রেডিয়ার অব. মেহবুবুল হক, বেক্সিমকো সিবিএ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাসিবুল করিম, সিবিএ এর যুগ্ন সম্পাদক আজিজুর রহমান, মো. আমির হোসেন, সিবিএ’র ক্রীড়া সম্পাদক মতিউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, গাজীউর রহমান নেতৃত্বে থেকেও কখনো কাজে ফঝাঁকি দেননি। তিনি সাধারণ শ্রমিকদের মতোই সকাল ৮টার আগেই নিয়মিত অফিসে আসতেন। অফিসে এসেই সকলের খোঁজ খবর নিতেন। কোন সেকশনে কোন ধরণের সমস্যা আছে কিনা তা জানতেন। এর পর নিজের মেশিনে গিয়ে কাজ করতেন। তিনি ছিলেন শ্রমিক ও মালিক পক্ষের এক চমৎকার সেতুবন্ধন। উভয় পক্ষই ছিল তার প্রতি চরম সন্তুষ্ট।
কারখানার পরিচালক জাহিদুর রহমান বক্তৃতায় বলেন, আমি যখন এই কারখানায় যোগদান করি তখন গাজীউর রহমানের কাছে কাজ শিখেছি। কারখানার কোন ক্ষতি হোক তিনি কখনো এমন চিন্তাও করেননি। তার সাথে আমাদের কখনো দর কষাকষি হয়নি; বরং বুঝাপড়া হয়েছে। তার দাবী ও উপস্থানা ছিল অত্যন্ত পেশাদার সুলভ। ফলে আমরা তাকে কখনো বিমুখ করিনি।






