
আমজাদ হোসেন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ বই মজুর পরিচয় দিতেই ভালোবাসেন স্বপন মিয়া। সারা জীবন বইয়ের জন্যে “কামলা খাটতে” চান। এলাকায় ঘুরে ঘুরে বই সংগ্রহ, পাঠকের কাছে পৌঁছে দেয়া, সপ্তাহ শেষে ফেরত আনা, এই মজুরি-ই পছন্দ তার। পরিবারের চরম আর্থিক দুরাবস্থা, নুন আনতে পানতা ফুরায়, নিয়মিত খাবারের সংস্থান নেই। পড়া শুনার তো উপায় ও নেই, মাথা গোঁজার ঠাঁই ও নাই। এমন অবস্থাতে ও একটি পাঠাগার গড়ে তোলার স্বপ্ন বাসা বাঁধে স্বপনের মনে, ১৪ বছরে নানা চড়াই-উৎরাই পেরিয়ে ¯^পনের ‘গুঞ্জন’ পাঠাগার এখন মাথা তুলে দাঁড়িয়েছে। এলাকার অনেকেরই জ্ঞান আহরণে সহায়ক হয়ে উঠেছে এ পাঠাগার। বই পড়া ছাড়াও পাঠাগারটিতে রয়েছে সাপ্তাহিক পাঠচক্র, মাসিক পরীক্ষা, দারিদ্র ও মেধাবীদের সম্মাননা ও শিক্ষা সামগ্রী প্রদান কার্যক্রম। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার আড্ডা, বৃক্ষ রোপণ, পিঠা উৎসব, ঘুড়ি উৎসব, কম্পিউটার প্রশিক্ষণ সহ নানা কাজ হচ্ছে গুঞ্জন পাঠাগারের ব্যানারে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পৌর এলাকার সুহাতা গ্রামের এক দরিদ্র ঘরের সন্তান হাবিবুর রহমান (স্বপন)। অভাব-অনটনে জর্জরিত পরিবারের এই যুবক পাঠাগার গড়ার যুদ্ধে জয়ী হয়ে এখন আলোচনায়, মাত্র তিনটি বই আর একটি বাঁশের তাক বানিয়ে ২০০৪ সালের ৩০ মার্চ যাত্রা শুরু হয় স্বপনের ‘গুঞ্জন পাঠাগারের’। পনের বছরে এই পাঠাগারে বর্তমানে চার হাজারের অধিক বই আছে। এক চালা, দুই চালা থেকে পেরিয়ে সুসজ্জিত দ্বি-তল ভবনে প্রবেশের অপেক্ষায় ‘গুঞ্জন পাঠাগার’। শুরুর গল্প বলতে গিয়ে স্বপন জানান, ছোটবেলা বই পড়ার ইচ্ছে ছিলো প্রবল কিন্তু পড়ার জন্যে বই পেতেন না, কিনতে ও পারতাম না। অন্যের কাছ থেকে বই এনে পড়তাম, তখন মনে হয়েছে আমার মতো অনেক গরীব মানুষ আছে যারা বই কিনে পড়তে পারে না। সেই চিন্তা থেকেই পাঠাগার গড়ার পথে যাত্রা শুরু করি। মাত্র দেড় বছর বয়সে বাবাকে হারান স্বপন, তার পিতা হারুন মিয়া ছিলেন পশু চিকিৎসক। তার মৃত্যুর পর তিন সন্তানকে নিয়ে অকূল সাগরে পড়েন মা রাজিয়া খাতুন। তাদের লালন-পালনে রাস্তার মাটি কাটা শুরু করেন রাজিয়া। সংসারের অভাব মেটাতে স্বপনের বড় দুই ভাই রিকশা চালাতে শুরু করেন। স্বপন বিভোর তার স্বপ্ন বাস্তবায়নে। প্রথমে এলাকায় ঘুরে ঘুরে বই সংগ্রহ করে তা পাঠকের নিকট পৌঁছানো, সপ্তাহ শেষে ফেরত আনা এ সব কাজ করতে থাকেন। “ভাই রিক্সা চালায়, হে করে পাঠাগার”! এমন মন্তব্য ও শুনতে হয়েছে তাকে। স্বপন জানান- পাঠাগারের জন্য ২০০৭ সালে ভেঙে যায় পরিবার। পৃথক হন দুই ভাই মা -র লালন পালনের দায়িত্ব পড়ে তার কাঁধে। অর্থাভাবে দুইবার ঝরে পড়া স্বপন তখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এস.এস.সি পরীক্ষার্থী। টিউশনির আয় দেড় হাজার টাকায় পরিবারের ভরণ পোষণের পাশাপাশি চলে লেখাপড়া ও পাঠাগার। জীবিকার তাগিদে দিন মজুর, মাইকিং, ক্যাম্পাস,হকারের কাজ ও করেছেন স্বপন। তবু ও দমে যাননি। ২০০৯ সালে পাঠাগারটির দু’চালা টিনের ঘড় করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুল ইসলাম মজুমদার। চলতি বছরে নবীনগর পৌর মেয়র মাঈনুদ্দিন মঈনু’র উদ্যোগে শুরু হয়েছে দ্বিতল ভবনের কাজ। এখনো স্বেচ্ছাশ্রমে পাঠকের হাতে বই পৌঁছান স্বপন। কেউ কিছু দিতে চাইলে পাঠাগারের জন্য বই চেয়ে নেন। স্বপন জানান, প্রথমে অনেকে নিরুৎসাহিত ও অবহেলা করলে ও এখন সবাই পাঠাগার মুখী। প্রতিদিন বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত চলে পাঠাগারের কাজ। পাঠকের আনা গোনায় কলবর হয়ে উঠে পাঠাগার। শুক্রবার সাপ্তহিক পাঠচক্রে ও ছুটির দিনে পাঠক সংখ্যা বৃদ্ধি পায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র পল্লব পাঠচক্রের সদস্য তিনি বলেন, পাঠাগারই প্রথম আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখায়। নাট্যব্যক্তিত্ব আলী যাকের, সাবেক সচিব ও রাষ্ট্রদূত হুমায়ূন কবিরের মতো বরেণ্য অনেক মানুষ এসেছেন এই পাঠাগারে। দেবিদ্বার রেয়াজউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিজুর রহমান বলেন, এই অধ্যায়ের যুগে স্বপনের এ উদ্যোগ তরুণদের জন্য উদাহরণ। এ পাঠাগারের ভূমিদাতা স্বপনের মা রাজিয়া খাতুন বলেন- স্বপন অনেক কষ্টে করেছে পাঠাগারের জন্য। নাট্যব্যক্তিত্ব আলী যাকের বলেন- টিউশনির টাকায় সংসার চালিয়ে পাঠাগার চালানো এটা বিরল ঘটনা,পৌর মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন- স্বপনের মাধ্যমে পুরো এলাকায় এখন আলোর মিছিল। এ মহতী উদ্যোগে অংশীদার থাকতে চাই’। পাঠাগার প্রতিষ্ঠাতা স্বপন মিয়া বলেন- মায়ের পরে পাঠাগার আমার প্রথম ভালোবাসা বলে বিশ্বাস করি পৃথিবীকে বদলে দিতে পরমাণু যুদ্ধ নয়, জ্ঞান যুদ্ধ দরকার। পাঠাগারের মাধ্যমে সারা বিশ্বে জ্ঞান যুদ্ধ ছড়িয়ে দিতে চাই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এস. এস. সি. ও এইচ. এস. সি. সম্পন্ন করা স্বপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে বাংলায় অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। লেখালেখিতে ও সুনাম কুড়িয়েছেন তিনি, ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তার লেখা ও সম্পাদিত সাতটি গ্রন্থ।
বই প্রেমিক স্বপন মিয়া স্বপ্ন পুরণে ও এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে গত ১৩/০৯/১৯ তারিখে গুঞ্জন পাঠাগার প্রাঙ্গনে বই গাড়ি উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। স্বপনের স্বপ্নের অংশীদার হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করেছেন। আগামীতে ও প্রতিটি ভাল কাজের মাঝে নিজেকে বিলিয়ে দেয়ার আশা ব্যক্ত করেন তিনি।এদিকে গত (২৬/০৯/১৯) বই প্রেমিক স্বপন মিয়ার গুঞ্জন পাঠাগার পরিদর্শন করেন সাপ্তাহিক মলয়ার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ হেসেন শান্তি। স্বপনের স্বপ্নের অংশীদার হয়ে পাঠাগারের কম্পিটার প্রদান সহ নির্মাণাধীন সম্পূর্ন বিল্ডি রং করারার দায়িত্ব নিলেন। এছাড়া এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ায় স্বপনকে ধন্যবাদ জানান। মোহাম্মদ হোসেন শান্তিকে পাঠাগারের আজীবন সদস্য হিসেবে অভিহিত করেন।






