বিএনপি’র ইশতেহার হবে দেশ পরিচালনার সমন্বিত রূপরেখা

0
98
728×90 Banner

বিশেষ সংবাদদাতা : আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬কে সামনে রেখে জাতীয়তাবাদী দলের ( বিএনপি)র ইশতেহার তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির আগামীর বৈঠকে ইশতেহার নিয়ে চূড়ান্ত আলোচনা হবে বলে বিএনপির একাধিক দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির শীর্ষ সূত্রগুলো বলছে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিশন–২০৩০, দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা, জুলাই জাতীয় সনদ ও সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা, এই সব মিলিয়েই ইশতেহার প্রস্তুত করা হচ্ছে।
বিএনপির নির্বাচনী ইশতেহারে তরুণ ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগবান্ধব পরিবেশ গঠন ও তরুণ প্রজন্মকে দেশের মূল চালিকাশক্তিতে রূপান্তর করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইশতেহারে নির্বাচনী প্রতিশ্রুতির বাইরে আগামীর রাষ্ট্র বিনির্মাণ, অর্থনৈতিক সক্ষমতা অর্জন ও মানবসম্পদ রূপান্তরের একটি সমন্বিত রূপরেখা হিসেবে উপস্থাপন করা হবে।
ইতোমধ্যে ইশতেহারের অংশ হিসেবে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে একটি কর্মসূচি সম্পন্ন করেছে বিএনপি। গত ৭ থেকে ১৩ ডিসেম্বর ৮টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে অঙ্গসংগঠনসহ মূল দলের নেতাকর্মীদের জন্য ধারাবাহিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশের মানুষের জন্য কি করবে, তার একটি সামগ্রিক রূপরেখা তুলে ধরা হয়। এ উপলক্ষে প্রকাশিত লিফলেটে স্বাস্থ্য, শিক্ষা, নারী, কৃষক, কর্মসংস্থান, ক্রীড়া, ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতা, জলবায়ু ও কৃষি, দুর্নীতি দমনসহ বিভিন্ন খাতে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।
বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটিতে কাজ করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও বর্তমান চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিনসহ আরও কয়েকজন বিশেষজ্ঞরা।
এদিকে ইশতেহার প্রণয়ন কমিটির সদস্যরা জানিয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কীভাবে দেশ পরিচালনা করবে, তার রূপরেখা ২০১৭ সালের মে মাসে তুলে ধরেছিলেন দলটির তখনকার চেয়ারপারসন খালেদা জিয়া। ‘ভিশন ২০৩০’ শিরোনামে এই রূপকল্প তুলে ধরেন তিনি। খালেদা জিয়ার পরিকল্পনায় উল্লেখ করা হয়, সৃজনশীল উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশ করা হবে। প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে। জাতীয় সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট।
প্রায় তিন বছর আগে রাষ্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সেসময় তারেক রহমান লন্ডনে ছিলেন। এই কর্মসূচির মাধ্যমে অনেক জাতীয়তাবাদে বিশ্বাসী দলকে একই প্ল্যাটফর্মেও আনতে সক্ষম হন তিনি। ক্ষমতায় গেলে জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার কথাও সেখানে উল্লেখ করা হয়। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির কথা সবসময়ই জোরালোভাবে প্রচার করে থাকে বিএনপি। তিনি ১৯৭৭ সালের ৩০ এপ্রিল ১৯ দফা প্রণয়ন করেন।
বিএনপি স্থানীয় কমিটির সদস্যরা বলছে, ১৯ দফাতেই স্বনির্ভর বাংলাদেশের বিষয়টি উল্লেখ ছিল। ১৯ দফা জাতির মাইলফলক হিসেবেও আখ্যা দেয় বিএনপি। জিয়াউর রহমানের আমলে জনপ্রিয় খালকাটা কর্মসূচি চালু করে বিএনপি ‘তলাবিহীন ঝুড়ির’ অপবাদ থেকে দেশকে রক্ষা করে শস্য ভান্ডারে রূপান্তরিত করেছে। এ কারণেই জিয়াউর রহমান অল্পদিনেই জনগণের কাছে জনপ্রিয় নেতা হতে সক্ষম হয়েছিলেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতির ক্রান্তিলগ্নে জনগণের সামনে নিয়ে আসেন ভিশন-২০৩০। এরই আলোকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমন্বয়ে ও আরও সুপরিসরে জনগণের আশা- আকাঙ্খা ও ভরসা হিসেবে সমাদৃত হয়েছে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তারই ৩১ দফা কর্মসূচি। এসবের সমন্বয়ে এবারের নির্বাচনি ইশতেহার-২০২৬ তৈরি হবে।
জানা গেছে, ইশতেহারে স্বাস্থ্য খাত নিয়ে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস-এনএইচসির আদলে ‘সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থা’ প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা, স্বাস্থ্য খাতে জিডিপির পাঁচ শতাংশের বেশি বরাদ্দ, প্রতিটি গ্রামে একাধিক পল্লী চিকিৎসক নিয়োগ, চিকিৎসা গবেষণা সুবিধা নিশ্চিত, ২৪ ঘণ্টা হেল্পলাইন, জেলা পর্যায়ের হাসপাতাল ও বিশেষায়িত স্তরের স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, চিকিৎসা সেবা আরও উন্নত করার লক্ষ্যে স্বল্পমেয়াদি (এক থেকে তিন বছর), মধ্যমেয়াদি (এক থেকে পাঁচ বছর) ও দীর্ঘ মেয়াদি (১০ বছর পর্যন্ত) প্রতিশ্রুতি থাকছে। এ ছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। যেখানে প্রাধান্য পাবেন নারীরা।
এদিকে দেশে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে মূল নিয়ামক হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন দেশের তরুণ ভোটাররা। নির্বাচন কমিশনের (ইসি) হালনাগাদ তথ্যমতে, বর্তমানে ১৮ থেকে ৩৩ বছর বয়সি ভোটারের সংখ্যা প্রায় সাড়ে চার কোটি। বিশাল এই জনশক্তি আগামী দিনে রাজনীতির সমীকরণ বদলে দেওয়ার সক্ষমতা রাখে। ডিজিটাল প্রযুক্তিতে অভ্যস্ত এবং সচেতন এই প্রজন্ম প্রার্থীদের যোগ্যতা বিচারে অত্যন্ত গুরুত্ব দেবে, যা শেষ পর্যন্ত নির্বাচনে প্রভাব ফেলবে।
এ ব্যাপারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একজন উপদেষ্টা গণমাধ্যমকে জানান, এবার ইশতেহারে চেয়ারম্যানের পরামর্শে তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। তারেক রহমানের প্রতিশ্রুতি ও দিকনির্দেশনামূলক বক্তব্য ইশতেহারে প্রতিফলিত হবে। নির্বাচনি প্রচার শুরুর পর একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এটি নিয়ে কাজ করছেন। দেশবাসীর সামনে এটা দলের আগামীর দিনের প্রতিশ্রুতি। ইশতেহার প্রণয়ন সম্পন্ন হলে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো চূড়ান্ত করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here