
ডেইলি গাজীপুর প্রতিবেদক : প্রাণঘাতী কোভিড-১৯ নবেল করোনাভাইরাস সারাবিশ্বে মহামারির মতো দেখা দিয়েছে। বাদ যায়নি বাংলাদেশও। আর এর জন্য দায়ী বিদেশফেরত প্রবাসী বাংলাদেশিরা।
আমাদের এ প্রবাসীরা প্রচুর পরিশ্রম করে বৈদেশিক রেমিটেন্স দেশে পাঠান। সর্বশেষ তারা মায়ার টানে কিংবা ভয়ে দেশে ফেরত আসছেন। যদিও এটি ঠিক না। তারা সংশ্লিষ্ট দেশেই বসবাস করতে পারতেন। এমন ক্ষণে এর জন্য আমাদের দেশের স্বজনরাও দায়ি।
শুধু তাই নয়, তারা দেশে এসে নিয়ম-নীতির তোয়াক্কা না করে জনসমাগমে ছড়িয়ে পড়ছেন। দেশের এ ত্যাগী মানুষরা আপাত দেশের প্রতি ভালোবাসা থেকে দেশে না ফিরলেই পারতেন। যদি প্রিয়জনদের ডাকে দেশে চলে এসেই থাকেন তবে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে থাকতে পারতেন। এই সঠিক ও বিচার্য বিষয় হতো। কিন্তু তারা বিদেশের ভালো চিকিৎসা ফেলে দেশে এসে পাগলের মতো আচরণ করছেন।
সংশ্লিষ্ট অনেকেই বলেন, অবশ্যই প্রবাসীদের কাছে ঋণী দেশবাসী। তাই বলে প্রাণঘাতী এ ভাইরাসটি তারা দেশে ছড়িয়ে দিতে পারেন না। সরকার তাদের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা রেখেছেন। কিন্তু তারা তাও মানছেন না। এমন আচরণ দেশের প্রতি তাদের ইত্যকার ভালোবাসা ও দায়িত্ববোধের সঙ্গে যায় না।
বলা বাহুল্য বৈশ্বিক এ দুর্যোগের জন্য প্রস্তুত ছিল না পুরো বিশ্বেরই। ইতোমধ্যে অনেক দেশের স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়েছে। সর্বশেষ খবর পর্যন্ত বাংলাদেশে ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন; একজন মারাও গেছেন। তার পুরোটাই হয়েছে প্রবাসীদের সংস্পর্শে; আর না হয় তারাই আক্রান্ত হয়ে দেশে ফিরে এসেছেন।
এমন ক্ষণে বলতে হয়, বৈশ্বিক ব্যবস্থায় থেকে তারা জ্ঞানীর পরিচয় দিচ্ছেন না। তারা হোম কোয়ারেন্টাইন মানছেন না। গণমাধ্যমের খবরে প্রকাশ, কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি বিয়ে করছেন, প্রকাশ্য বাজারে ঘুরছেন। এমন সবকিছুই করছেন প্রবাসীরা করোনাভাইরাস বহন করে। এমনও হয়েছে করোনাভাইরাস দেহে আছে জানায় কোয়ারেন্টাইন থেকে পালিয়েছেন দেশে ফেরত একজন।
পুরো অবস্থা পর্যবেক্ষণে বলা চলে, দেশে আসা প্রবাসিদের প্রতি মূহূর্তের শ্বাস-প্রশ্বাসে ভাইরাসটি বাতাসে ছড়িয়ে পড়ছে।
কষ্ট নিয়ে বলতে হয়, প্রবাসীদের এমন আচরণ দেশ ও দেশের মানুষের পক্ষে যায় না। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে অর্থ পাঠাচ্ছেন; এ অবশ্যই প্রশংসার। কিন্তু সারাবিশ্ব যখন ভাইরাসটি মোকাবেলায় কঠোর নিরাপত্তাবলয়ের ব্যবস্থা করেছে; বিপরীতে প্রবাসীরা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন।
পরিশেষে বলতে হয়, প্রিয় প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাস বহন করে দেশে অসবেন না। এতে আপনার প্রিয় দেশের মানুষ ক্ষতিগ্রস্থ হবে। যেমনটা হয়েছে মৃত ব্যক্তিটির বেলায়। তিনি দেশে ফেরা আপনজনের দ্বারা আক্রান্ত হয়ে মারা গেছেন। আপনি বিদেশে সুচিকিৎসায় থাকেন। দেশে ফিরে এ যাবৎকালের কৃৎকর্ম একটি ভুলে ভাসিয়ে দেবেন না।
প্রিয় প্রবাসীদের কাছে ক্ষমা চেয়ে বলতে হয়, আপনি সব সময় দেশ ও এর জনগণের কাছে সম্মান ও শ্রদ্ধার পাত্র। সেই বিবেচনায় আপনাকে অনেক কিছু রক্ষাও করতে হবে। এর অংশ করোনা প্রেক্ষিতে দেশের সব নিয়ম মানা। কথায় আছে, পাপকে ঘৃণা কর, পাপীকে নয়। আমরা আপনাকে বিন্দুমাত্র অবহেলা দেখাচ্ছি না। ঠিক আপনিও আমাদের শঙ্কায় ফেলতে পারেন না।






