
ডেইলি গাজীপুর প্রতিবেদক : বর্তমানে গাজীপুর মহানগরের প্রতিটি ওয়ার্ডেই চলছে ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ। উন্নয়ন প্রকল্পগুলোর কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখার জন্য রাত; কি দিন; প্রতিদিনই কোন না কোন এলাকা পরিদর্শন করছেন গাসিক মেয়র মো. জাহাঙ্গীর আলম। গাজীপুরবাসীর জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিকল্প হিসেবে টঙ্গী থেকে গাজীপুর সদরে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি রাস্তার কাজ ঈদুল ফিতরের আগেই শেষ করতে বর্তমানে ব্যাপক তোড়জোড় চলছে। টঙ্গীর বনমালা রেলগেট থেকে সুকন্দিরবাগ ব্রিজ পর্যন্ত আলোচিত বিকল্প রাস্তার কাজ দ্রুত শেষ করতে দিন-রাত চেষ্টা করছে গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ। প্রায় প্রতিদিনই সরেজমিনে উপস্থিত থেকে প্রকল্পটির কাজ তদারকি করছেন গাসিক মেয়র। গত রাত (মঙ্গলবার) ১১টা থেকে সোয়া ৩টা পর্যন্ত নগরপাল নিজে প্রকল্প এলাকায় উপস্থিত থেকে রাস্তার কাজ তদারকি করেন। এসময় মেয়র কিছু সময় নিজে সয়েল কম্পেক্টর চালিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের উৎসাহ যোগান। এর আগে গত রোববার মধ্যরাতেও তিনি সেখানে উপস্থিত থেকে কাজ পরিদর্শন করেন। এছাড়াও নগরির যে কোন প্রান্তে রাস্তা বা ড্রেন প্রশস্তকরণ কাজে কোন ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে খবর পেলেই মেয়র সেখানে ছুটে যাচ্ছেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ দিন ধরে চলমান বাস রেপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের কারণে মানুষের দুর্ভোগের অন্ত নেই। এই দুর্ভোগ থেকে নগরবাসীকে নিস্তার দিতেই টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত বিকল্প রাস্তা বের করার উদ্যোগ নিয়েছিলেন গাসিক মেয়র। নগরবাসীর বহু কাক্সিখত বিকল্প সড়কটির কাজ বহু আগেই সম্পন্ন হয়েছিল। কিন্তু এরই মধ্যে রেলওয়ের ডাবল লাইন প্রকল্পের কাজ শুরু হলে বিকল্প সড়কটির টঙ্গী বনমালা থেকে সুকন্দিরবাগ ব্রিজ পর্যন্ত অংশ বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এর ফলে বিকল্প ওই সড়কের সুফল থেকে বি ত হচ্ছিল নগরবাসী। ইতোমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ বিকল্প সড়কের ওই অংশে ডাবল লাইনের জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করে। এতে বিকল্প সড়কটি ওই অংশে আরো সংকোচিত হয়ে পড়ে। এ অবস্থায় মেয়র পাশের জমির মালিকদের সাথে আলোচনা করে রাস্তাটি প্রশস্তকরণের উদ্যোগ নেন। জমির মালিকরাও সেচ্ছায় জায়গা দিতে রাজি হন। বর্তমানে বিকল্প সড়কটির ওই অংশে দিন রাত দ্রুত গতিতে কাজ চলছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ কমাতে ওই বিকল্প রাস্তার কাজ শিগগির শেষ করতে চাচ্ছেন গাসিক মেয়র।
স্থানীয় ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সফিউদ্দিন সফি জানান, বিকল্প রাস্তাটি চালু হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর একদিকে যেমন চাপ কমবে, তেমনি টঙ্গী থেকে গাজীপুর সদরে মাত্র কয়েক মিনিটে আসা-যাওয়া করা যাবে। অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বিআরটি প্রকল্পের কারণে দীর্ঘ যানজট ও ধুলোবালিসহ নানা বিড়ম্বনা থেকে নগরবাসী রক্ষা পাবে।






