
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীতে হত্যা,সন্ত্রাসী ও চাঁদাবাজির ৩০ মামলার পলাতক আসামি রুবেল হোসেন ওরফে ‘পটেটো রুবেল’কে দু’টি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগজিন ও ১৫শ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
সোমবার (১৮ নভেম্বর) দিবাগত মধ্য রাতে রাজধানীর দারুস সালাম থানার কলোনিপাড়া এলাকা থেকে তাকে গোপনে অভিযান চালিয়ে আটক করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ এর সিনিয়র এএসপি (মিডিয়া) মো: সাজেদুল ইসলাম সজল আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দারুস সালাম থানার কলোনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুবেল হোসেন ওরফে ‘পটেটো রুবেল’কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, এক রাউন্ড রাবার বুলেট এবং ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানান যে তিনি দীর্ঘদিন ধরে রাজধানী ছাড়াও অন্যান্য জেলায় অস্ত্র ও মাদক ব্যবসা এবং চাঁদাবাজী করে আসছিলেন। তার বিরুদ্ধে রাজধানীসহ আশপাশের জেলাগুলোর বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, রাহাজানি, বিস্ফোরক, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড এবং মাদকসহ বিভিন্ন অপরাধের ৩০টি মামলা রয়েছে। ওই সব মামলার পলাতক আসামী সে। এবিষয়ে সন্ত্রাসী পটেটো রুবেলের বিরুদ্বে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।






