শিক্ষক দম্পতির মৃত্যুর জট খোলেনি,স্কুলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে নজর আইনশৃঙ্খলা বাহিনীর

0
206
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরে প্রাইভেটকারের ভেতর থেকে শিক্ষক দম্পতির লাশ উদ্ধার ঘটনার রহস্য এখনও উদঘাটন করতে না পারায় তাদের মৃত্যুর জট খোলেনি। তবে তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হতে জব্দকৃত ও সংগৃহীত আলামত এবং তাদের ভিসেরাসহ নমুনা পরীক্ষার জন্য রোববার ঢাকায় পাঠানো হয়েছে। তবে তাদের কিভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত চলছে। শিক্ষক দম্পতির কর্মস্থলে কোনো বিরোধ ছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

গত শনিবার গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। এদিকে শিক্ষক দম্পতিকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।

শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম জিয়াউর রহমান মামুন ও আমজাদ আলী সরকার স্কুল এন্ড গার্লস কলেজের সহকারী শিক্ষিকা মাহমুদা খাতুন জলির (মরহুম দম্পতি) রহস্যময় হত্যাকাণ্ডের বিষয়ে  ট্ঙ্গীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে, অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এক মতবিনিময় সভা গতকাল সোমবার ট্ঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত দৃষ্টান্ত মূলক শান্তির দাবি করেন। এ ব্যাপারে ট্ঙ্গীর শিক্ষক সমাজ ন্যায়বিচারের দাবিতে  নিয়মতান্ত্রিক কিছু কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে, শিক্ষক নেতৃবৃন্দ প্রায়তঃ প্রিয় শিক্ষক নেতা স্বাধীনতা পদক প্রাপ্ত মৃত্যুঞ্জয়ী জাতীয় বীর, শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপির সাথে ন্যায়বিচারের স্বার্থে মত বিনিময় করবেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা জোনের সহকারী কমিশনার মাকসুদ উর রহমান জানান, শিক্ষক দম্পতির মৃত্যুর কারণ নিশ্চিত হতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ প্রতিটি বিষয়কে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। প্রাইভেটকারের ভেতর থেকে শিক্ষক দম্পতির লাশ উদ্ধারের ঘটনার পর পুলিশ বিভিন্ন আলামত জব্দ করে। তাদের মৃত্যুর রহস্য উদঘাটন করতে ওইসব জব্দকৃত আলামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষার অনুমতির জন্য গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন ওই আবেদন অনুমোদন করেছেন।

মাকসুদ উর রহমান আরও জানান, আদালতের অনুমতির পরিপ্রেক্ষিতে ওই শিক্ষক দম্পতির মৃত্যু খাদ্যে বিষক্রিয়া বা অন্য কোনো কারণে হয়েছে কি না, তা নিশ্চিত হতে চেষ্টা চলছে। তাদের গাড়ি থেকে জব্দকৃত টিফিন ক্যারিয়ারের বাটিতে থাকা খাবারের উচ্ছিষ্টাংশ, পানির বোতলে থাকা পানি, জর্দার কৌটা, ছেলের জন্য কেনা ফাস্টফুডের প্যাকেটে থাকা পাস্তাতে বিষ বা অ্যালকোহলের উপস্থিতি আছে কি না, তা পরীক্ষার জন্য নমুনা ঢাকায় মহাখালীর প্রধান রাসায়নিক পরীক্ষকের কার্যালয়ে এবং সিআইডির ফরেনসিক বিভাগের ল্যাবে পাঠানো হয়েছে। এ ছাড়া জব্দকৃত তাদের ব্যবহৃত প্রাইভেটকার পরীক্ষার জন্য ঢাকার বিআরটিএতে নেওয়া হবে। সেখানে পরীক্ষা করে দেখা হবে ঘটনার সময় গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না বা গ্যাস লিক হয়েছে কি না, যে কারণে তাদের মৃত্যু হতে পারে।

মাকসুদ উর রহমান বলেন, নিহতদের দেহ থেকে সংগৃহীত ভিসেরা সিআইডির ফরেনসিক বিভাগের ল্যাবে নিয়ে পরীক্ষা করা হবে। এ পরীক্ষা থেকে জানা যাবে তারা কী খেয়ে ছিলেন এবং খাবারে বিষাক্ত কিছু ছিল কি না—যা ওই দম্পতির মৃত্যুর কারণ হতে পারে। এ ছাড়া ডিএনএ পরীক্ষার জন্য নিহতদের দেহ থেকে সংগৃহীত বাক্কাল সোয়াব ঢাকায় চিফ ডিএনএ এনালিস্টের কাছে পাঠানো হবে।

স্কুলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে নজর আইনশৃঙ্খলা বাহিনীর

গত পাঁচদিনে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এছাড়া স্কুলের শিক্ষক-কর্মচারী নিয়োগ, আয়-ব্যয়ের হিসাবসহ নানা দিক নিয়ে তদন্ত করা হচ্ছে। শিক্ষক দম্পতির মৃত্যু কিভাবে হয়েছে তা জানতে পুলিশ, পিবিআই, র্যাব, সিআইডিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছে। তবে রোববার (২৩ আগস্ট) দুপুর পর্যন্ত আইনশৃংখলা বাহিনীর কোনো সংস্থাই মৃত্যুর কারণ উদঘাটন এবং এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। তাদের মৃত্যুর কারণ হিসেবে বিষক্রিয়াকে দায়ী করা হলেও স্কুলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি নিয়ে কাজ করছে আইনশৃংখলার বিভিন্ন সংস্থা।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী বলেন, শিক্ষক দম্পতির মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে। তবে দুইজনের ময়নাতদন্ত রিপোর্ট এবং ভিসেরা রিপোর্ট হাতে পাওয়া গেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আর তখন ওই কারণের সূত্র ধরে তদন্ত কাজ এগিয়ে নেওয়া যাবে।

জেলা পিবিআইয়ের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ওই শিক্ষক দম্পতিতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এ বিষয়টি প্রায় নিশ্চিত। তবে তাদের কিভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত চলছে। শিক্ষক দম্পতির কর্মস্থলে কোনো বিরোধ ছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক ধারণা ও বিভিন্ন আলামতে মনে করা হচ্ছে তাদের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। তবে এ বিষক্রিয়া কিভাবে কাদের মাধ্যমে কখন প্রয়োগ করা হয়েছে সে তথ্য উদঘাটনের জন্য কাজ করা হচ্ছে।

শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মতিউর রহমান ওরফে বি.কম মতি বলেন, তিনি ১৩ বছর ধরে ওই বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি পদে আছেন। সেখানে শিক্ষকদের মাঝে কোনো বিরোধ তার জানা নেই। এ পরিচালনা পরিষদের সঙ্গে প্রধান শিক্ষকের সম্পর্কও ভালো। তিনি শিক্ষক দম্পতির মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করে দোষিদের বিচার দাবি করেন।

এদিকে মামলার বাদী নিহত প্রধান শিক্ষকের ভাই আতিকুর রহমান বলেন, ছোট ভাইয়ের স্ত্রী আমজাদ আলী সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদা আক্তার জলি তার স্কুল ছুটি হওয়ার পর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে যান। সেখানে স্বামী প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক স্থানীয় জাহাঙ্গীর আলমের দোকান থেকে মিষ্টি আনিয়ে খান। এ সময় মাহমুদা আক্তার জলি স্কুলে চা পান করেন। পরে তারা বাড়ির উদ্দেশ্যে স্কুল ত্যাগ করেন। স্কুল ত্যাগ করে বগারটেক আসার পথে প্রায় ২৭ মিনিট সময় লেগেছে। এ সময়টিতে তারা কী করেছেন, তাদের গাড়িতে কেউ উঠেছিলেন কিনা বা তারা কোথাও নেমেছিলেন কিনা তার সব কিছু পুলিশ তদন্ত করছে।তিনি জানান, তার কর্মস্থলে সহকর্মী বা বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব ছিল কিনা সে বিষয়টিও আইনশৃংখলা বাহিনী গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তবে শিক্ষক দম্পতির মৃত্যুকে তিনি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন।

এদিকে শিক্ষক দম্পতির মৃত্যুর ঘটনায় রোববারও টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিক্ষোভ এবং মানববন্ধন করেছে শহীদ স্মৃতি স্কুলের শিক্ষার্থীরা। তারা তাদের শিক্ষক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. হাসিবুল আলম বলেন, ঘটনাটি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে যাচ্ছে। খুব দ্রুততম সময়ে এ ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান মামুন (৪৮) ও তার স্ত্রী টঙ্গীর আমজাদ আলী সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. মাহমুদা আক্তার জলি (৩৫) নিজেদের প্রাইভেটকারে বাসায় ফেরার পথে বুধবার সন্ধ্যার পর নিখোঁজ হন। পরদিন বৃহস্পতিবার ভোরে তাদের সঙ্গাহীন অবস্থায় ওই প্রাইভেটকারের ভেতর দেখতে পান তাদের ছেলে ও পরিবারের সদস্যরা। ওই দম্পতিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ দুটি অ্যাম্বুলেন্সে করে গাছা থানায় নিয়ে যান। এ ঘটনার পর পুলিশ শিক্ষক দম্পতির মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ শুরু করে। নিহতের পরিবারের স্বজনদের দাবি ওই শিক্ষক দম্পতিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান শাফি মোহাইমেন জানান, গতকাল বিকেলে লাশ দুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাঁদের দুজনের ফুসফুস ও কিডনিতে জমাট রক্ত পাওয়া গেছে। এটা খাবারে বিষক্রিয়া বা অন্য কারণেও হতে পারে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তাঁদের শরীরের বিভিন্ন নমুনা ঢাকায় সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, তাঁদের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পারিবারিক দ্বন্দ্ব, কর্ম ক্ষেত্রে দ্বন্দ্ব, পথে কোনো খাবার খেয়েছেন কি না, যাতে বিষাক্ত কিছু থাকতে পারে অথবা কেউ খাবারের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে হত্যার উদ্দেশ্যে খাওয়ায়ে থাকতে পারে। এসব কারণ বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে।

জিয়াউর রহমানের ভগ্নিপতি আবদুর রশিদ বলেন গাজীপুরে নিহত দম্পতির জানাজা শেষে ময়মনিসংহের ত্রিশালে গ্রামের বাড়িতে তাঁদের দাফন করা হয়েছে।

স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার সকালে কামারজুরি এলাকার নিজ বাড়ি থেকে প্রাইভেট কার নিয়ে স্কুলের উদ্দেশে বের হন ওই শিক্ষক দম্পতি। কারটি জিয়াউর রহমান নিজেই চালাতেন। স্কুল শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা। এর পর থেকে তাঁদের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা রাতভর খোঁজাখুঁজি করেন। গতবৃহস্পতিবার ভোররাতে মহানগরের দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকায় দাঁড়িয়ে থাকা তাঁদের গাড়ির ভেতর চালকের আসনে প্রধান শিক্ষক ও পাশের আসনেই স্ত্রীর নিথর দেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে সেখান থেকে তাঁদের প্রথমে বোর্ডবাজার এলাকার তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উত্তরার একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here