

মোঃরফিকুল ইসলাম মিঠু : রাজধানীর দক্ষিণখানে টাকা লেনদেন সংক্রান্ত দ্বন্দ্বের মীমাংসা করতে গিয়ে খুন হন ইঞ্জিনিয়ার মোসাব্বির হোসেন (২৬)। এ ঘটনায় নিহতের মা মোছা নাছরিন বেগম শুক্রবার সকালে দক্ষিণখান থানায় ১ টি হত্যা মামলা দায়ের করেছেন।
দক্ষিণখান থানার এস আই মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তাহের বলেন মামলায় সাতজনকে মূল পরিকল্পনাকারী এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে মামলা করা হয়।এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে আমরা আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হব।
ঘটনা সম্পর্কে নিহতের বন্ধু আশিক হোসেন বলেন মোসাব্বির হোসেনের এলাকার ছোট ভাই জাবেদ এলাকার নোমান, সিফাত, হিমু, লতিফ, আকাশদের কাছে ২০ হাজার টাকা পাওনা ছিল। ওই টাকা নিয়ে জাবেদের সঙ্গে ওদের কথা-কাটাকাটি হয়েছে। পরে ওদের মধ্যে সমোজতা করতে গেলে মোসাব্বিরকে ওরা ছুরিকাঘাত করে। ওকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর সে মারা যায়।’
তিনি অভিযোগ করে বলেন, ‘ক্রিসেন্ট হাসপাতালে আমার বন্ধুটা অনেকক্ষণ বেঁচে ছিল, কিন্তু ওরা (হাসপাতাল) ট্রিটমেন্ট দিতে পারে নাই। পরে মারা গেছে।’
অপর বন্ধু মো. রুবায়েত বলেন, ‘টাকা পয়সা নিয়ে কথা-কাটাকাটির সময় গাওয়াইর এলাকার নোমান, সিফাত, হিমু, আকাশসহ ওদের ৪০ / ৫০ জন ছিল। পরে ওরা মোসাব্বিরের বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। তাকে হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়।’






