
ডেইলি গাজীপুর প্রতিবেদক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন সারা বিশ্বব্যাপী জঙ্গিবাদ কার্যকর রয়েছে। বিশ্বব্যাপী জঙ্গিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সবাইকে এবিষয়ে সতর্ক থাকতে হবে।
র্যাব ডিজি বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারাবিশ্বেই জঙ্গিবাদ কার্যকর রয়েছে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমেই সবচেয়ে বেশি তরুণ বিপথগামী হচ্ছে।
আজ সোমবার সকালে রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলার তিন বছর উপলক্ষে নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে এক প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে র্যাবের ডিজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হলি আর্টিজান বেকারির সামনে তৈরি মঞ্চে নিহতদের উদ্দেশে ফুলেল শ্রদ্ধা জানান।
প্রেসব্রিফিংয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার, (পিএসসি), র্যাবের আইনও গনমাধ্যশ শাখার সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়াসহ র্যাবের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
র্যাব ডিজি বেনজীর আহমেদ বলেন, হলি আর্টিজান হামলার পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় যারা ঘটনার সঙ্গে জড়িত ছিল, তাদের আমরা নিশ্চিহ্ন করে দিতে সক্ষম হয়েছি।
ইউরোপীয় দেশগুলোর পুলিশদের (ইউরোপুল) তথ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, শুধুমাত্র ২০১৮ সালেই ইউরোপজুড়ে ১২৯টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এ থেকে বোঝা যায়, জঙ্গিরা বৈশ্বিকভাবে নিশ্চিহ্ন হয়নি।
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, বিশ্বব্যাপী জঙ্গিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।






